জয়নাল হাজারীসহ ৬৩ জনের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠন
দাগনভুঁইয়ার চাঞ্চল্যকর চন্দ্রপুর হত্যা মামলায় জয়নাল হাজারীসহ ৬৩ জন ছাত্রলীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসমলামের আদালতে অভিযোগ গঠন করা হয়।
এ সময় মামলার দুই নম্বর আসামী, হাজারীর ক্লাস কমিটির ক্যাপ্টেন টু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু আদালতে হাজির ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৭ জুলাই ভোররাতে ২০০ থেকে ৩০০ সন্ত্রাসী একযোগে দাগনভুঁইয়া উপজেলার সিন্দরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে হামলা চালিয়ে গুলিবর্ষণ, লুটপাট ও অগ্নি সংযোগ করে। এতে ইসমাইল, বশির ও রিমন নামে তিন শিশু নিহত ও প্রায় দুইশ গ্রামবাসী আহত হয়।
এ ঘটনায় তৎকালীন সাংসদ জয়নাল হাজারীকে প্রধান আসামী করে পৃথক চারটি মামলা দায়ের হয় দাগনভুঁইয়া থানায়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক আবুল কাশেম তদন্ত শেষে ২০০৩ সালের ২৬ জুন জয়নাল হাজারী, যুবলীগ নেতা ও সিন্দরপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান শাহজাহান সাজু, ধর্মপুর ইউপি চেয়ারম্যান আজহারুল হক আরজু, ছাত্রলীগ নেতা নুর নবী হিরু, নুরু ছাফা পলাশসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেন। মঙ্গলবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শরফুদ্দিন আহমদ মানিক জানান, ২৫ জুন থেকে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
