২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় দুমাস যৌথবাহিনী গোপন হেফাজতে ছিলাম: মামুনের দাবি

বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন দাবি করেছেন যৌথবাহিনী গত ৩১ জানুয়ারি তাকে আটক করলেও এর প্রায় দুমাস পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 02:48 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

আটকের পর তাকে ‘ক্রসফায়ার’ এর ভয়ভীতি দেখানো হয়েছে। দীর্ঘ দিন যৌথবাহিনীর হেফাজতে থাকার কারণে দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সম্পত্তির হিসাব দিতে পারেননি বলেও দাবি করেছেন মামুন।

দুর্নীতি দমন কমিশনের মামলায় মঙ্গলবার আত্মপক্ষ সমর্থন করে বিশেষ জজ আদালত-৫ এ বক্তব্য দেওয়ার সময় মামুন এসব কথা বলেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে নরসিংদী কারাগার থেকে মামুনকে আদালতে হাজির করা হয়।

মামুনের বক্তব্য শোনার পর আদালত ‘মামুনকে ৩১ জানুয়ারি আটক করা হয়েছে’ এ সংক্রান্ত সংবাদ প্রকাশকারী তিনটি পত্রিকার সম্পাদক ও সংশিষ্ট প্রতিবেদকদের সাক্ষ্য নেওয়ার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আশরাফ হোসেন এর আদালতে মামুন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “গত ৩১ জানুয়ারি পল্টনের একটি বাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে আমাকেসহ চারজনকে আটক করে যৌথবাহিনী। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তারা কোনো জবাব দেয়নি। প্রথমে গোপন একটি স্থানে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর সেখান থেকে চোখ বেঁধে আমাকে আরেকটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়।”

আদালতকে মামুন আরও জানান, গত ৬ ফেব্রুয়ারি সম্পত্তির একটি হিসাব আমি যৌথবাহিনীর কাছে জমা দিই। তারা আমার সেটি তদন্ত করে দেখে। এরপর ১৯ ফেব্রুয়ারি সম্পত্তির হিসাব দাখিল করার জন্য দুর্নীতি দমন কমিশনের নোটিশ আমার বাসায় যায়। কিন্তু ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত যৌথবাহিনীর হেফাজতে থাকায় কমিশনের কাছে সম্পত্তির হিসাব জমা দেওয়া যায়নি। পরে ২৬ মার্চ তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার দেখানোর পর তাকে ৫০ দিন রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান মামুন। তিনি বলেন, “৬ মার্চ যৌথবাহিনী আমাকে ক্রসফায়ারের জন্য গোপন একটি স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখায়।”

মামুনের আইনজীবীরা এ সময় আদালতের কাছে তার বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য ৩১ জানুয়ারি তাকে আটক করার সংবাদ প্রকাশকারী তিনটি পত্রিকা দৈনিক আমার দেশ, আমাদের সময় ও যুগান্তরের সম্পাদক ও প্রতিবেদকের সাক্ষ্য নেওয়ার আবেদন জানান।

আদালত এ সময় বলেন, সংবাদপত্র তিনটির সম্পাদক ও প্রতিবেদকরা সাক্ষ্য দিতে রাজি থাকলে বৃহস্পতিবার তা গ্রহণ করা হবে।