২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হামিদুল বাহিনীর সদস্য মহিরউদ্দীন ওরফে ময়ের (৪০) নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 12:46 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে খুনসহ এক ডজন মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও বেশ কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। নিহত সন্ত্রাসী কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের আয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কুমারখালীর রায়ডাঙ্গা এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ময়েরকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। রাত ৩ টার দিকে কয়া দক্ষিণপাড়া গ্রামের একটি কলাবাগানের কাছে পৌঁছা মাত্র সন্ত্রাসীরা ময়েরকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। আধা ঘন্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসী ময়ের গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ জানান, মহির উদ্দিন ওরফে ময়েরের বিরুদ্ধে দুটি হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ এক ডজন মামলা রয়েছে।

তিনি জানান, এর আগে সোমবার দুপুরে বাহিনীর প্রধান হামিদুলের নেতৃত্বে ময়েরসহ ২০/২৫ জন সন্ত্রাসী কুমারখালী ছেউড়িয়া, ভাটাপাড়া ও শ্মশান ঘাট এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। তারা বোমা বিস্ফোরণ ও গুলি ছুঁড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।