২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে জলাধার নির্মাণের ওপর জোর দিচ্ছে যৌথ নদী কমিশন

শুকনো মৌসুমে গঙ্গা নদীতে পানি প্রবাহ বাড়াতে নেপালে একটি জলাধার নির্মাণের ওপর জোর দিচ্ছে যৌথ নদী কমিশন (জেআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:02 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শুকনো মৌসুমে গঙ্গা নদীতে পানি প্রবাহ বাড়াতে নেপালে একটি জলাধার নির্মাণের ওপর জোর দিচ্ছে যৌথ নদী কমিশন (জেআরসি)। জেআরসির কারিগরি কমিটির ৩৬তম সভায় বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা বলেন, নেপালে একটি জলাধার নির্মাণ করতে পারলে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রবাহ এক লাখ ৭৫ হাজার কিউসেক বৃদ্ধি করা যেতে পারে। এর মাধ্যমে শুকনো মৌসুমে ভারত ও বাংলাদেশের পানির চাহিদা মেটানো সম্ভব। বৈঠকে ৫ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের কমিশনার (গঙ্গা) এসপি কাকরান। তিন সদস্যের বাংলাদেশ দলের প্রধান ছিলেন জেআরসির সদস্য মীর সাজ্জাদ হোসেন। ধানমন্ডিতে জেআরসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মীর সাজ্জাদ হোসেন বলেন, "বাংলাদেশ বন্যাপ্রবণ অঞ্চল হওয়ায় এখানে জলাধার নির্মাণের সুযোগ কম। আবার ভারত জানিয়েছে, তাদের এলাকাতেও পানি সংরক্ষণের জন্য জলাধার নির্মাণ সম্ভব নয়। এ কারণেই নেপালে জলাধার নির্মাণের তাগিদ দিচ্ছি আমরা।" এসপি কাকরান বলেন, "গঙ্গার পানি প্রবাহের বিষয়ে পারস্পারিক স্বার্থের কথা চিন্তা করে নেপালকেও আমাদের সঙ্গে নিতে হবে।" সাজ্জাদ হোসেন জানান, ১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে বাংলাদেশ ৪১ হাজার কিউসেক পানি পায়। কিন্তু বাংলাদেশের আরও বেশি পানি দরকার। অন্যদিকে ভারতীয় দলের প্রধান জোর দিয়ে বলেন, ফারাক্কা পয়েন্টে তাদের ৪০ হাজার কিউসেক পানি প্রয়োজন। কাকরান নফহবংি২৪.পড়স কে বলেন, "আগামী দিনগুলোতেও বাংলাদেশ হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে এখনকার মতো ৬০ হাজার কিউসেক পানি পাবে এ নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ বিষয়টি জলবায়ুর ওপর নির্ভর করে।" তিনি জানান, ১৯৯৬ সালের গঙ্গা পানি বন্টন চুক্তি অনুযায়ী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে অবশ্যই ৪১ হাজার কিউসেক পানি প্রবাহ থাকতে হবে। তবে ২৭ মে পর্যন্ত ওই পয়েন্টে ৬০ হাজার ৫০০ কিউসেক পানি প্রবাহিত হচ্ছিল। মীর সাজ্জাদ বলেন, "প্রতিবছর বর্ষা মৌসুমে ৫০০ বিলিয়ন কিউবিক মিটার পানি সমুদ্রে চলে যায়। সংরক্ষণ জলাধার নির্মাণ করা গেলে ওই পানি ধরে রেখে শুকনো মৌসুমে ব্যবহার করা যাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এনএইচ/টিএইচ/জেকে/এমএইচবি/ ২০২৮ ঘ.