২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধানের ৪ বছরের কারাদণ্ড

ঘুষ গ্রহণের অভিযোগে দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান এ টি এম রফিককে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 12:52 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

খুলনা দ্রুত বিচার আদালতের মহানগর হাকিম আতিকুল হক সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ১০ এপ্রিল কেবিএ এভিনিউয়ের স্থানীয় ইনকিলাব ব্যুরো কার্যালয়ে বন কর্মকর্তা সুন্দরবন ইউনিটের রেঞ্জার ইউনুস আলী ও ডেপুটি রেঞ্জার সৈয়দ মাহমুদ উল্লাহর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় যৌথবাহিনী সাংবাদিক এ টি এম রফিককে হাতেনাতে গ্রেপ্তার করে। ওই রাতেই বন কর্মকর্তা ইউনুস আলী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা থানার উপ পরিদর্শক এস এম ওবায়দুল হক ১৯ এপ্রিল সাংবাদিক রফিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২২ এপ্রিল আদালতে অভিযোগ গঠন করা হয়।

১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত তাকে এ দণ্ড দেয়।