২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র প্রতিষ্ঠায় আশাপ্রদ পরীক্ষা-নিরীক্ষা চলছে: মাইলাম

বাংলাদেশের গণতন্ত্র একটা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এ পরীক্ষা উৎসাহব্যঞ্জক ও আশাপ্রদ। এমনটিই মনে করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক দূত ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ উইলিয়াম বি মাইলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এ দেশের গণতান্ত্রিক অগ্রগতি সম্পর্কে মাইলাম বলেন, “বাংলাদেশে গণতন্ত্র নির্মাণে আশাপ্রদ পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখানে যা হচ্ছে তা খুবই উৎসাহব্যাঞ্জক।”

রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।

উইলিয়াম বি মাইলাম ১৯৯০ সাল থেকে ৯৩ পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূত ছিলেন। ওয়াশিংটনভিত্তিক উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারস এ বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ে গবেষক মাইলামকে দক্ষিণ এশিয়া বিষয়ে একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ বলেও মনে করা হয়।

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে মাইলাম বলেছেন, “দেশটি আগের মতো অস্থিতিশীল অবস্থায় ফিরে যাচ্ছে এমন ভাবার কোনো কারণ নেই। সরকারের অগ্রগতিও আশাব্যঞ্জক। বেশ কিছু পরিকল্পনা রয়েছে যেগুলো খুবই সুন্দর। এগুলো বাস্তবায়ন হলে দেশে আরও সাফল্য আসবে।”

এবছররের ১০ জানুয়ারি, দেশে জরুরি অবস্থা জারির ঠিক আগের দিন একটি পাকিস্তানি দৈনিকে প্রকাশিত এক প্রবন্ধে মাইলাম লিখেছিলেন, “আমার ভয় হচ্ছে বাংলাদেশ হয়তো ১৯৯১ সালের আগের অবস্থায় ফিরে যাচ্ছে। যে সময়টাতে নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মতো পরিস্থিতি দেশে ছিল না। বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে গণতন্ত্র যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পুরো মুসলিম বিশ্বের ওপরই এর বিরূপ প্রভাব পড়বে।”

রোববার বেলা পৌনে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি বাংলাদেশ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, “এবারের ঢাকা সফর বেশ উপভোগ করছি। বাংলাদেশের বর্তমান অবস্থা বোঝার জন্য পররাষ্ট্র উপদেষ্টাসহ অন্যদের সঙ্গে কথা বলেছি আমি।”

৯০ এর দশকের সঙ্গে এখনকার পার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের উন্নতি হচ্ছে। আমি যতটা সম্ভব বাংলাদেশের উন্নতির পক্ষেই সমর্থন দিয়ে যাব।”

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশকে তুলনা করা যায় কিনা-এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে তুলনা করতে চাই না। এ ধরনের তুলনা করার ধারণাটাও ঠিক নয়। অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করা ঠিক হবে না।”

রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, “সময় হলে সরকার রাজনীতির এই নিষেধাজ্ঞা তুলে নেবে।”

পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেদেশের সরকারের প্রতিটি স্তরের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। মাইলাম দক্ষিণ এশিয়া সম্পর্কে বিশেষজ্ঞ। এ ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখা বাংলাদেশ ও দেশের জনগণের জন্য মঙ্গলজনক।”

পরে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত ‘বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে উইলিয়াম বি মাইলাম বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশের বর্তমান সরকারের ভূমিকা সম্পর্কে মুল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, “আমার মনে হয়েছে সরকার বেশ কিছু বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের সামনে দুটো মডেল থাকতে পারে- একটি তুরস্ক, অন্যটি পাকিস্তান। অর্থাৎ সরকার এখন দেশের গণতন্ত্রকে একটি মজবুত ভিত্তি দেওয়ার জন্য কাজ করতে পারে। আবার শাসন প্রক্রিয়ায় সামরিক বাহিনীর ভূমিকা দীর্ঘয়িতও হতে পারে।”

মাইলাম বলেন, “আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিতে চাইছে। এবং তারা সেটা করছে গণতন্ত্রের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে। আর এ কারণেই আমার মনে হচ্ছে বাংলাদেশ এখন খুবই জটিল একটা সময় পার করছে। এ অবস্থান থেকে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা করতে পারে, আবার সরকারের সব পরীক্ষা-নিরীক্ষা বিফলও হতে পারে।”

তিনি বলেন, “আমরা অবশ্যই চাইবো বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসবে”

উইলিয়াম বি মাইলাম তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে দেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ এবং জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, আমারা সবসময় একটি স্থিতিশীল বাংলাদশে দেখতে চাই। আমরা চাই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি করুক। কিন্তু দেশে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। জেএমবির বিষয়টি উদ্বেগজনক। উগ্র ইসলামি তৎপরতা বেড়ে যাওয়াও কম আশঙ্কার নয়। এদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ রয়েছে।

বাংলাদেশে এবারের সফরে সাবেক এই রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করবেন।