২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই মাসেও আখ বিক্রির টাকা পাননি পঞ্চগড়ের চাষিরা

বিক্রির সাত দিনের মধ্যে টাকা দেওয়ার কথা থাকলেও পঞ্চগড় চিনিকলের আখ চাষিদের পাওনা আড়াই মাসেও পরিশোধ করা হয়নি। চিনি অবিক্রিত থাকায় কারখানা কর্তৃপক্ষ জেলার প্রায় পাঁচ হাজার চাষিকে পাওনা প্রায় সাড়ে তিন কোটি টাকা দিতে পারছে না। এর ফলে আগামী মৌসুমে জেলায় আখ চাষে বিপর্যয় নামতে পারে বলে চাষিরা জানিয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 10:23 AM

Updated : 26 Apr 2022, 02:23 PM

পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ আলী জানান, সাড়ে ২৪ কোটি টাকার চিনি অবিক্রিত থাকায় আখ বিক্রির সাড়ে ৩ কোটি টাকা এবং মিলের শ্রমিক কর্মচারীদের গত এপ্রিল মাসের প্রায় ১০ লাখ টাকা বেতন বকেয়া রয়েছে।

কম শুল্কে বা কোনো কোনো ক্ষেত্রে শুল্ক ফাঁকি দিয়ে ব্যবসায়ীরা বিদেশ থেকে চিনি আমদানি করায় দেশি চিনি বিক্রি হচ্ছে না বলে তিনি জানান। বাজারে বিদেশি চিনি ২৭ টাকা কেজি দরে পাইকারি এবং ২৮ টাকা দরে খুচরা বিক্রি হচ্ছে। এর চেয়ে কম দামে বিদেশি চিনি বিক্রি হওয়ায় দেশি চিনি বাজার হারাতে বসেছে।

মো. আশরাফ আলী বলেন, সব মিলিয়ে সাত কোটি টাকা পাওয়া গেলে সমস্যাগুলো কাটিয়ে ওঠা যাবে। এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তেঁতুলিয়ার চাষি কাজী মিজানুর রহমান, কাজী মতিউর রহমান, আছিরউদ্দিন, বোদা উপজেলার মালিপুখুরি গ্রামের মনির হোসেন, মানিকপীরের আজমত আলী জানান, চিনিকলের কাছে পাঁচ হাজার থেকে দেড় লাখ টাকা করে প্রায় পাঁচ হাজার চাষির পাওনা রয়েছে।

তারা অভিযোগ করেন, আখ বিক্রির টাকা না পাওয়ায় নতুন করে রোপণ করা ১১ হাজার ১শ হেক্টর আখের জমিতে সার-কীটনাশক দেওয়া যাচ্ছে না। এ কারণে এবার আখ চাষে সংকট দেখা দিতে পারে।

পঞ্চগড় চিনিকল সূত্র জানায়, গত মাড়াই মৌসুমে ১ লাখ ৩৭ হাজার ৯৮২ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ২৬৬ দশমিক ৭০ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। গত মৌসুমের চিনি মজুদ ছিল ১ হাজার ৩৩০ মেট্রিক টন। এ পর্যন্ত চিনি বিক্রি হয়েছে ৩ হাজার ১৩৪ মেট্রিক টন।

বর্তমানে ৮ হাজার ৪৬১ দশমিক ৬৫ টন চিনি গুদামে পড়ে আছে। সরকার নির্ধারিত ২৯ টাকা কেজি দরে এর দাম ২৪ কোটি ৫০ লাখ টাকা।

পঞ্চগড় বাজারের চিনির ডিলার মো. শরিফ হোসেন জানান, বাজারে বিদেশি চিনির দাম দেশি চিনির চেয়ে কম। এ কারণে ডিলাররা মিল থেকে চিনি নিতে আগ্রহ দেখাচ্ছে না। এরপরও ডিলারশিপ টিকিয়ে রাখতে কোটা অনুযায়ী উপজেলা ও জেলা পর্যায়ে ডিলাররা প্রতিমাসে যথাক্রমে ২ ও ৪ মেট্রিক টন করে চিনি তুলছেন।

চিনিকল আখ চাষী সমিতির সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান অভিযোগ করেন, কয়েকদিন আগে তিনি ঢাকায় গিয়ে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অর্থ পরিচালকের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানিয়েছেন। পরিচালক সমস্যা সমাধানে দু’একদিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বললেও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি।