নীলক্ষেতে ডেসা কর্মকর্তাকে গুলি করে হত্যা
রাজধানীর নীলক্ষেতে শনিবার রাতে সন্ত্রাসীরা শাহ জামালউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।
নিহত জামালউদ্দিন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সিকিউরিটি সুপারভাইজার ছিলেন। এছাড়া তিনি নীলক্ষেত বাকুশাহ মার্কেটের মরিয়ম জামে মসজিদের মোতয়াল্লি ছিলেন।
শাহবাগ থানার কর্তব্যরত উপ-পরিদর্শক সুদেব রায় বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, জামালউদ্দিন রিক্সায় চড়ে আব্দুল গনি রোডের অফিস থেকে নীলক্ষেতের বাসায় ফিরছিলেন। পথে রাত পৌনে আটটার দিকে ইডেন কলেজের পেছনের রাস্তায় ৪/৫ জন সন্ত্রাসী তার পথরোধ করে। তারা জামালউদ্দিনকে লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে শাহবাগ থানা পুলিশের একটি টহল দল উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামালউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের ছোট ভাই কাশেম জানান, বাকুশাহ মার্কেটে একটি দোকানের বরাদ্দ নিয়ে বিরোধের জের ধরে তার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সন্ত্রাসীরা জামালউদ্দিনের কাছে থাকা নগদ টাকা বা মোবাইল টেলিফোনসেটসহ অন্য কোন কিছুই নেয়নি। এ কারণে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
