দ. কোরিয়ায় ১০ হাজার জনশক্তি রপ্তানি এবছর শুরু
এ বছর থেকে দক্ষিন কোরিয়ায় সরকারি উদ্যোগে ১০ হাজার জনশক্তি রপ্তানি শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম জানান, শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দক্ষিন কোরিয়া ও বাংলাদেশের মধ্যে শ্রমশক্তি রপ্তানি চুক্তি সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৈঠকে স্থায়ী হজ নীতির খসড়া ফেরত পাঠানো হয় এবং হজ সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।
বৈঠক শেষে ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বেসরকারিভাবে দক্ষিন কোরিয়ায় লোক পাঠানো হয়। এপর্যন্ত বেসরকারিভাবে পাঠানো লোকের সংখ্যা ১৪ হাজার। এর ভেতর ১২ হাজার বর্তমানে সেখানে কর্মরত আছে।
তবে কোরিয়া সরকার বর্তমানে বেসরকারিভাবে লোক নেওয়া বন্ধ ঘোষণা করেছে। তারা এখন থেকে ইপিএস (এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) এর মাধ্যমে বিশ্বের ১৪ টি দেশ থেকে ৫০ হাজার লোক নেবে। দেশগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং বাংলাদেশ ‘সি’ শ্রেণীতে অর্ন্তভুক্ত হয়েছে। কোরিয়া সরকার বাংলাদেশ থেকে উৎপাদন, নির্মাণ, কৃষি এবং পশু সম্পদ খাতে লোক নেবে। এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতার ওপরও জোর দেওয়া হবে।
তিনি বলেন, “ আগামী ৪ থেকে ৬ জুন দক্ষিন কোরিয়ার সিউলে ষষ্ঠ এশিয়ান কো-অপারেশন ডায়ালগে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর যোগদানের সময় এ ব্যাপারে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে।”
