বেনাপোল বন্দরের বাইপাস সড়কটি ৯ বছরেও হয়নি
বেনাপোল বন্দরে চার কিলোমিটার বাইপাস সড়কের নির্মাণ কাজ গত নয় বছরেও শেষ হয়নি। অধিগ্রহণ করা জমির মালিকরা ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় তাদের বাধার মুখে নির্মাণ কাজ আটকে আছে বলে জানা গেছে।
জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বেনাপোল চেকপোস্টসহ বন্দর এলাকায় মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমাতে ১৯৯৭--৯৮ অর্থ বছরে পাঁচ কোটি টাকা ব্যয়ে চেকপোস্ট সংলগ্ন ছোট আচড়া থেকে বন্দর টার্মিনাল হয়ে কাগজপুকুর পর্যন্ত চার কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু হয়।
চার বছরে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিন্দুমাত্রও তা হয়নি। পরে ২০০২--২০০৩ অর্থ বছরে ২ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়কের নির্মাণ কাজ শেষ হয়। বাকি ১ দশমিক ৮ কিলোমিটার নির্মাণ কাজ গত ৪ বছরেও শেষ হয়নি।
বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ কাস্টমস হাউজ ও বন্দর ব্যবহারকারী একটি সূত্র জানায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজার পাসপোর্টধারী যাত্রী ভারত বাংলাদেশ যাতায়াত করে থাকে। এ ছাড়া প্রতিদিন প্রায় ২০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়।
ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে ৩০০/৩৫০ ট্রাক বেনাপোল বন্দরে প্রতিদিন প্রবেশ করে। এসব পণ্য পরিবহনের জন্য প্রতিদিন বন্দরে প্রায় ৫০০ ট্রাক আসে।
আমদানি--রপ্তানি, যাত্রী পরিবহন সব মিলিয়ে প্রায় দুই হাজার বাস, ট্রাক, ট্যাক্সি, মাইক্রোবাস ও এক হাজার রিকশা ভ্যান বন্দর এলাকায় অবস্থান করে।
যে কারণে বেনাপোল স্থল বন্দর এলাকায় সব সময় তীব্র যানজট লেগে থাকে। এতে আমদানি--রপ্তানি কাজ ব্যাহত হয়। চেকপোস্ট দিয়ে চলাচলকারী যাত্রীরাও ভোগান্তির শিকার হন। দেশের বৃহত্তম মূল বন্দর এলাকার এই যানজট নিরসনের লক্ষ্যেই ১৯৯৭--৯৮ অর্থ বছরে ৪ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ শুরু হয়।
কিন্তু অধিগ্রহণ করা জমির মালিকরা ক্ষতিপূরণের টাকা আজ পর্যন্ত না পাওয়ায় তাদের বাধার মুখে সড়ক নির্মাণ কাজ আটকে আছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বেনাপোল বন্দরের বাইপাস সড়কের অসমাপ্ত অংশে অধিগ্রহণ করা জমির মালিক ৭১ জন। তাদের প্রাপ্য টাকার পরিমাণ ২৮ লাখ ৭২ হাজার টাকা। জমির মালিকরা তাদের প্রাপ্য টাকা বুঝে না পাওয়ায় তাদের বাধার মুখে সর্বশেষ চার বছর আগে কাজ বন্ধ হয়ে যায়।
সূত্রটি জানায়, চেক জালিয়াতের মাধ্যমে এই টাকা অন্যরা তুলে নিয়েছে। এ ব্যাপারে ভূমি অধিগ্রহণ কার্যালয়ের সংশ্লিষ্টদের নামে মামলাও হয়েছে।
বেনাপোল ভরেরবেড় গ্রামের দ্বীন মোহাম্মদ, নূর ইসলাম, খোকন, আমিরুন্নেসা বলেন, “জমি অধিগ্রহণের পর থেকে বার বার আমরা সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও ক্ষতিপূরণের টাকা পাইনি। তারা অহেতুক আমাদের হয়রানি করছে। যে কারণে কাজে বাধা দিতে আমরা বাধ্য হয়েছি।”
সওজ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী নফহবংি২৪.পড়স কে জানান, আত্মসাতকৃত টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার শর্তে মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের মাঝে আবারও টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টাকা পেলেই বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) সাইফুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, বাইপাস সড়কের বাদ--বাকি অংশের কাজ শেষ হলে বন্দর এলাকার সড়কে যানবাহনের চাপ কমে আসবে। বেনাপোল বন্দরও যানজট মুক্ত হবে।
তিনি স্বীকার করেন যে, বন্দরে যানজটের কারণে আমদানি--রপ্তানি পণ্য খালাসের কাজে মারাত্মকভাবে ব্যাহত হয়।
