বাগেরহাটে বনদস্যু গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার বিকেলে মানিক মিস্ত্রী (২৮) নামের এক বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়।
বাগেরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফাজ্জেল হোসেন খান জানান, বৃহস্পতিবার বিকালে মুকুল বাহিনীর সদস্য মানিককে শরণখোলা থেকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই তার দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া কালির খাল এলাকা থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়।
বনদস্যুদল মুকুল বাহিনীর সদস্যরা ২০০৬ সালের ২ আগষ্ট মংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের ঋষিকেশ মল্লিকের বাড়িতে ডাকাতি করে। ওই সময় তারা লাইসেন্স করা বন্দুকটি লুট করে।
