সাবেক সাংসদ জয়নাল আবেদীন ফারুক গ্রেপ্তার
নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুুপুরে ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দুপুর ২টার দিকে সাবেক সাংসদকে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসা হয়। তাকে নোয়াখালীর সেনবাগে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে সেনবাগ থানায় তিনটি মামলা রয়েছে।
খিলক্ষেত থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন জানান, বেলা একটার দিকে সেনবাগ থানা পুলিশের একটি দল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, নিরাপত্তাজনিত কারণে জয়নাল আবেদীনকে ক্যান্টনমেন্ট থানায় রাখা হয়েছে। তাকে সেনবাগ থানায় পাঠানো হবে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, জয়নাল আবেদীনকে ঢাকা থেকে নোয়াখালীতে আনার ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা মতিউরকে উদ্ধৃত করে আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে সেনবাগ থানায় তিনটি মামলা রয়েছে। ত্রাণের টিন আত্মসাত, সড়ক অবরোধ, ভাংচুর ও রাস্তা অবরোধ এবং চাঁদাবাজির অভিযোগে এ মামলাগুলো হয়।
এর মধ্যে টিন আত্মসাত এবং সড়ক অবরোধের অভিযোগে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। ইতিমধ্যে মামলা দুটির অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। চাঁদাবাজির অভিযোগে বীজবাগ এলাকার ফারুক চৌধুরী নামে এক ব্যক্তি বাদী হয়ে অপর মামলাটি করেন।
এ ছাড়া সাবেক এ সাংসদের বিরুদ্ধে সেনবাগে সন্ত্রাসীদের লালন, হুমকি প্রদান ও মারধরের অভিযোগ রয়েছে। জয়নাল আবেদীন ফারুক গত সংসদের যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
