২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান্ডারল্যান্ড পার্ক ৬ মাসের মধ্যে সরানোর নির্দেশ

আগামী ছয় মাসের মধ্যে রাজধানীর গুলশানের ওয়ান্ডারল্যান্ড চিলড্রেন পার্কের যাবতীয় স্থাপনা সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 08:58 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

গুলশান সেন্ট্রাল পার্কের কিছু অংশে ওয়ান্ডারল্যান্ড চিলড্রেন পার্ক নির্মাণের জন্য বরাদ্দ বাতিল করে আদালত এ আদেশ দেয়।

বৃহস্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গুলশানবাসীদের পক্ষে জনৈক এম এ রেজার দায়ের করা জনস্বার্থ রিট মামলার উপর চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন।

রায়ে বলা হয়, মাস্টার প্ল্যান বহির্ভূতভাবে গুলশান সেন্ট্রাল পার্ককে বাণিজ্যিক পার্কে রূপান্তর করা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনী।

গুলশান সেন্ট্রাল পার্কের কিছু অংশ দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন ১৯৯০ সালে ওয়ান্ডারল্যান্ড চিলড্রেন পার্ক নির্মাণের জন্য মেসার্স ভায়া মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়। আবাসিক এলাকায় বাণিজ্যিক এই পার্ক নির্মাণের জন্য দেওয়া বরাদ্দের বৈধতা নিয়ে গুলশানবাসী এম এ রেজা ১৯৯৫ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

তখন আদালত এই বরাদ্দ কেন বাতিল করা হবে না তার কারণ দর্শানোর আদেশ দিয়ে ওই বরাদ্দ স্থগিত করে।

মেসার্স ভায়া মিডিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরই হাইকোর্ট স্থগিতাদেশ বাতিল করে দেয়। তখন থেকে ভায়া মিডিয়া ওয়ান্ডারল্যান্ড পার্ক পরিচালনা করে আসছে।

আদালত অবশ্য বৃহৎ ঢাকা শহরে শিশু কিশোরদের বিনোদন ও মানসিক বিকাশের জন্য উপযুক্ত জায়গায় ওয়ান্ডারল্যান্ড পার্ক পুনঃস্থাপনের অনুমোদন দেওয়ার জন্য রাজউক ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছে।

রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিষ্টার কে এস নবী। ভায়া মিডিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহাম্মাদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার আবুল কালাম আজাদ।