২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্য দিলেন নূরুল ইসলাম

আলোচিত মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলার চতুর্দশ সাক্ষী অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার নূরুল ইসলাম আদালতে সাক্ষ্য দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বুধবার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম তার সাক্ষ্য শোনেন। তিনি এ মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ২০ জুন ধার্য করেন।

জমিনে থাকা মামলার তিন অভিযুক্ত সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ, অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল হক ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূইয়াও বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন।

নূরুল ইসলাম আদালতকে বলেন, তিনি তৎকালিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার খবর রেডিওতে শোনেন। পরে ক্যাপ্টেন এমদাদের নির্দেশে চট্টগ্রামের হাটহাজারী থানায় আটক মঞ্জুর ও তার স্ত্রী সন্তানদের ক্যান্টনমেন্টে নিয়ে আসার জন্য রওয়ানা হন তিনি। হাটহাজারী থানা থেকে মঞ্জুরকে একটি জিপে এবং তার স্ত্রী সন্তানদের অন্য একটি জিপে তোলা হয়। নূরুল ইসলাম জানান, তিনি মঞ্জুরের স্ত্রী-সন্তানদের বহনকারী জিপে করে ক্যান্টনমেন্টে আসেন।

এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলামের জেরার জবাবে নুরুল ইসলাম বলেন, জিয়াউর রহমানকে হত্যার খবর পেলেও আবুল মঞ্জুরের নেতৃত্বে সৈনিকরা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে এমন খবর তিনি পাননি। মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রামে বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছিল এমন খবরও তিনি শোনেননি। জেনারেল মঞ্জুরকে হত্যার জন্য ক্যাপ্টেন এমদাদ কোনো ব্রিফিং দেননি। সুতরাং ওই ব্রিফিংয়ে তার উপস্থিত থাকার অভিযোগও সত্য নয়।

এ মামলার বাকি দুই অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফ ও অবসরপ্রাপ্ত মেজর শামসুর রহমান শামসের বিচার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় তারা আদালতে আসেননি।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে জিয়াউর রহমানকে হত্যার পরদিন কিছু উত্তেজিত সৈনিকের হাতে আবুল মঞ্জুর নিহত হন। ১৯৯৫ সালের ২৩ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই ব্যারিস্টার আবুল মনসুর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার ৪৮ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ও বিএনপি নেতা হান্নান শাহসহ কয়েকজনকে এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের পরোয়ানা পাঠানো হয়েছে।

এদিকে এরশাদের বিরুদ্ধে সোনা চোরাচালান মামলার রায় পাঁচবার পিছিয়ে যাওয়ার পর ১৬ জুন রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করা হয়েছে।