দেশে সমৃদ্ধি এসেছে, কমেছে মূল্যবোধ: হাসান মশহুদ চৌধুরী
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী বলেছেন, “এখন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, অর্থনীতিতে এসেছে সমৃদ্ধি। কিন্তু কমেছে আমাদের মূল্যবোধ। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।”
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আইনজীবী সমিতিতে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি কিশোরগঞ্জ ছাড়াও নেত্রকোনা, শেরপুর ও জামালপুরে মতবিনিময় সভায় যোগ দেন। (আরও তথ্যসহ)
আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
কিশোরগঞ্জ: দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান দুর্নীতি প্রতিরোধে সব মহলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বছরের পর বছর দেশ দুর্নীতির কলঙ্ক নিয়ে বাঁচতে পারে না।
বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এটি হলে আমরা সবাই কলঙ্কের অংশীদার হই। চিন্তায়, কথায় ও কাজে স্বচ্ছতা আনতে পারলে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব।”
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার লুৎফর রহমান মণ্ডল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস, গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ বদরউদ্দিন খান পাঠান, করটিয়া আর এস কলেজের অধ্যক্ষ গোলসান আরা বেগম, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ও সরারচর বাজার বণিক সমিতির সভাপতি আবুল হাসান।
সকাল ৯ টার দিকে হাসান মশহুদ চৌধুরী হেলিকপ্টারে করে কিশোরগঞ্জ আসেন।
নেত্রকোনা: সকাল ১১টায় দুদক চেয়ারম্যান লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী নেত্রকোণায় এক মত বিনিময় সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতির কারণে বিশ্বের কাছে আমরা অনেক ছোট হয়েছি। এ অবস্থা চলতে দেয়া যায় না। দুর্নীতি দমনের চাইতে প্রতিরোধ উত্তম। দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে সমাজের সব স্তরের লোকদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সবাইকে প্রতিজ্ঞা করতে হবে দুর্নীতি করতে দেব না, হতেও দেব না।”
মতবিনিময় সভায় বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক মো. আয়াত উল্যা মজুমদার, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ময়মনসিংহ বিডিআর এর সেক্টর কমান্ডার কর্নেল আনিসুজ্জামান, প্রবীন চিকিৎসক ডা. এম এ হামদি খান, এনজিও কর্মকর্তা কোহিনুর বেগম ও ওয়ার্ড কমিশনার আবুল কালাম খোকন।
মতবিনিময় সভা শেষে তিনি জেলা দুর্নীতি দমন কার্যালয় পরিদর্শন করেন।
শেরপুর: দুদক চেয়ারম্যান বৃহস্পতিবার দুপুর একটার দিকে হেলিকপ্টারে করে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অবতরণ করেন।
এরপর শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত এক মত বিনিময় সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতিকে রুখে দেওয়ার এখনই শুভক্ষণ ও ভালো সুযোগ। তাই এই শুভক্ষণ ও সুযোগকে সদ্ব্যবহার করতে হবে।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুরের জেলা প্রশাসক সামছুন্নাহার বেগম, পুলিশ সুপার গাজী জসিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সৈয়দা ফেরদোসী সামাদ, অধ্যাপক মনিন্দ্র কুমার সাহা, শেরপুর সরকারি কলেজের ছাত্র শরীফ উদ্দিন, শেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী রেহনুমা তাবাসসুম øিগ্ধা, মুক্তিযোদ্ধা জহিরুল হক বীর প্রতীক, ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান।
দুদক চেয়ারম্যান বক্তব্য শেষে সভায় উপস্থিত পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
জামালপুর: বৃহস্পতিবার বিকেলে জামালপুর পাবলিক হলে দুর্নীতি প্রতিনোধ অভিযান সংক্রান্ত মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন, “দেশ ও জাতির অপমান ঘোচানোর লক্ষে দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ে জিততে হবে। আমাদের লক্ষ্য স্থির হওয়ায় এ লড়াইয়ে আমরা জিতবোই।”
তিনি বলেন, “জরুরি অবস্থা শেষে কী হবে সেটি কোন বিষয় নয়। বড় বিষয় হলো আমরা দুর্নীতিমুক্ত করতে নিরলস কাজ করে যাবো। বাংলাদেশ প্রতি বছর কোন এক তালিকার শীর্ষে থাকবে এটা চলতে দেওয়া যায় না।”
জেলা প্রশাসক আবদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
