রাজধানীতে ভরদুপুরে ছিনতাইকারীর গুলিতে তরুণ নিহত
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে-সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদের এরকম দাবির ২৪ ঘন্টার মধ্যেই ধানমন্ডিতে গুলি করে সেনা কর্মকর্তার ছেলেকে হত্যা করেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় সাত মসজিদ রোডের এনসিসি ব্যাংকের সামনে আরেফিন আলম রুশো (২৫)-কে মাথায় গুলি করে হত্যা করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বিবিএ সম্পন্ন করা রুশোর বাবা লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের চিকিৎসক এবং মা লেফটেনেন্ট কর্নেল আম্বারী বেগম কুমিল্লা সিএমএইচ এর গাইনি বিভাগের চিকিৎসক।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “দুপুর সাড়ে ১১ টার দিকে সাত মসজিদ রোডে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলায় এনসিসি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর ছিনতাইকারীরা আরেফিনের মাথায় গুলি করে। এরপর তাকে বাংলাদেশ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”
মনোয়ার হোসেন জানান, রুশো এনসিসি ব্যাংক থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা তোলেন। এসময় তার হবু শ্বশুর জয়নাল আবেদীন সঙ্গে ছিলেন। তারা ব্যাংক থেকে বের হয়ে তাদের গাড়িতে ওঠার সময় দুজন ছিনতাইকারী এসে টাকার ব্যাগ ধরে টান দেয়। এসময় আরও দুজন ছিনতাইকারী মটরসাইকেলে এসে তাদের সামনে দাঁড়ায়।
টাকার ব্যাগ নিয়ে টানাটানির এক পর্যায়ে রুশোর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে ছিনতাইকারীরা। এরপর টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় জয়নুল আবেদীন এবং তার মেয়ে রুবিনা আক্তার রুবি অসুস্থ হয়ে পড়েছেন। তারা দুজনই বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিজ্ঞাপনী সংস্থা ম্যাকম এর কর্মকর্তা আসরার আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, দুটি লাল রংয়ের মোটর সাইকেলে ছিনতাইকারীর সংখ্যা ছিল পাঁচজনের মতো। তাদের সবার বয়সই ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এদের মধ্যে তিন যুবক ব্যাংকের প্রবেশপথ থেকে রুশোকে অনুসরণ করেন। ব্যাংক থেকে বেরিয়ে প্রায় ৫০ গজ দূরে রাখা গাড়িতে উঠার আগে মোটর সাইকেল আরোহী অপর দুই যুবক সেখানে উপস্থিত হয়। তারা রুশোর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ সময় সশস্ত্র দুই যুবক রুশোকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা মোটর সাইকেলে করেই মোহাম্মদপুরের দিকে চলে যায়।
ঘটনার পরপরই সেনাবাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন। সেখানে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাইম আহম্মেদ সাংবাদিকদের বলেন, “এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে এরইমধ্যে পুলিশ এবং গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি দলকে মাঠে নামানো হয়েছে। অপরাধীদের খুঁজে বের করার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি।”
এর আগে ব্যাংকের কাজ চলাকালে ব্যাংকগুলোর সামনে পুলিশের মোবাইল টিম রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে ব্যাপারে পুলিশ কমিশনার বলেন, “রাজধানীতে ব্যাংকের শাখা এত বেশি যে ফোর্স স্বল্পতার কারণে অনেক সময় সব ব্যাংকের সামনে মোবাইল টিম রাখা সম্ভব হয় না।”
এদিকে ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনের আগে পুলিশকে জানানোর নিয়ম থাকলেও এনসিসি ব্যাংক, ধানমন্ডি শাখা কর্তৃপক্ষ তা অনুসরণ করেনি বলে অভিযোগ উঠেছে। তবে জানা গেছে, ঘটনার মাত্র ১৫ মিনিট আগে ধানমন্ডি থানার সহকারি উপ পরিদর্শক আলমগীর হোসেন ওই ব্যাংকে যান। বড় অংকের টাকা উত্তোলনের আগে থানাকে জানানোর জন্য তিনি সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপককে অনুরোধ জানান।
এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক নাসিম আলী আকন্দকে জিজ্ঞাসা করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর-কে তিনি বলেন, “ঘটনার মাত্র ১৫ মিনিট আগে ওই পুলিশ কর্মকর্তাই বা কেন আমাদের এ ব্যাপারে জানাতে এলেন। এর আগে তো ঊনারা কখনও আসেননি?”
এ ব্যাপারে ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া ব্যাংকের ক্লোজ-সার্কিট ক্যামেরার ভিডিও রেকর্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। ভিডিও রেকর্ড দেখে আমরা কালো চেক শার্ট পরা এক যুবককে প্রাথমিকভাবে চিহ্নিত করেছি। তার সন্ধানে অভিযান চালানো হচ্ছে। ওই যুবককে আটক করা গেলে এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।”
