২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার রোগীদের সেবায় কাজ করবে গ্রামীণফোন

নির্মাণাধীন ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের পাঁচটি ওয়ার্ড এবং একটি অপারেশন থিয়েটার নির্মাণ ও রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব পালন করবে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 02:27 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বৃহস্পতিবার হোটেল শেরাটনে আহ্ছানিয়া মিশন ও গ্রামীণফোনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষর হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এ এস এম মতিউর রহমান ক্যান্সার চিকিৎসায় গ্রামীণফোনের এই উদ্যোগের প্রশংসা করেন।

তিনি জানান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির হিসাব অনুযায়ী দেশে প্রায় ১০ লাখ ক্যান্সার রোগী রয়েছে। প্রতি বছর বাড়ছে আরও দুই লাখ রোগী। যাদের মধ্যে অন্তত দেড় লাখ এই মরণ ব্যাধিতে মারা যায়। অথচ প্রতি বছর মাত্র ১৫ হাজার রোগী চিকিৎসা পাচ্ছে। এক্ষেত্রে গ্রামীণফোনের এই উদ্যোগ কিছুটা হলেও চিকিৎসাসেবায় অবদান রাখতে সহায়ক হবে।

চুক্তিতে গ্রামীণফোনের পক্ষে স্বাক্ষর করেন নিউ বিজনেস বিভাগের পরিচালক কাফিল এইচ এস মুয়ীদ এবং আহ্ছানিয়া মিশনের পক্ষে আহ্ছানিয়া মিশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কাজী রফিকুল আলম।

চুক্তি অনুযায়ী গ্রামীণফোন আহ্ছানিয়া মিশনের স্পন্সরকৃত ওয়ার্ডগুলোতে ভর্তি ইচ্ছুক রোগীদের রোগের ধরণ অনুযায়ী বাছাই করবে। এই ওয়ার্ডগুলোর এক তৃতীয়াংশেরও বেশি আসন দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত থাকবে। তারা সবাই বিনামূল্যে চিকিৎসা পাবে। বাছাইকৃত অন্য ওয়ার্ডগুলোর দরিদ্র রোগীরাও গ্রামীণফোনের ভর্তুকিতে চিকিৎসা সেবা পাবে।

অনুষ্ঠানে জানানো হয়, এর আগে গ্রামীণফোন ইউএসএইড এর সঙ্গে মিলিতভাবে নিরাপদ মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য সেবা প্রকল্প চালু করে। এ ছাড়াও বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের সঙ্গে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যও এই টেলিকম প্রতিষ্ঠানটি কাজ করে আসছে।