গ্রাহক অধিকার রক্ষায় সিটিজেন চার্টার প্রণয়নের নির্দেশ
সরকারি বিভিন্ন খাতে গ্রাহক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে যতদ্রুত সম্ভব সিটিজেন চার্টার (নাগরিক অধিকার সনদ) প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশ দেয়।
এছাড়া অবসরপ্রাপ্ত সরকরি কর্মকর্তা ও কর্মচারিদের পেনশন তোলার ভোগান্তি নিরসনে এ সংক্রান্ত অনিষ্পন্ন ফাইলের তালিকা প্রতিমাসে সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে জমা দিতে বলা হয়েছে। কেন এসব ফাইল নিষ্পন্ন করা যায়নি একইসঙ্গে তার কারণও উল্লেখ করতে বলা হয়েছে।
পাশাপাশি সরকারি অফিসের সার্বিক কার্যক্রমের দীর্ঘসূত্রতা দূর করতে বিদ্যমান বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধনীর প্রস্তাব এক মাসের মধ্যে প্রনয়ণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ এই তিনটি বিষয়ে পরিপত্র জারি করে।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে তাদের এই তিনটি বিষয়ে পরামর্শ দেন। সচিবদের উদ্দেশে বক্তৃতায় তিনি সরকারি সেবাখাতগুলো নিয়ে গ্রাহকদের অভিযোগ থাকার বিষয়টি অকপটে স্বীকার করে গ্রাহকদের ভোগান্তি দূর করতে একটি গ্রাহক অধিকার সংক্রান্ত সনদ (ক্লায়েন্ট চার্টার) প্রণয়নের পরামর্শ দেন।
প্রধান উপদেষ্টা সরকারি সেবাখাতের মান সম্পর্কে বিস্তর অভিযোগের কথা সচিবদের মনে করিয়ে দিয়ে বলেন, দেশের নাগরিক ও করদাতা হিসেবে সরকারি সেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। সরকারি সেবাদাকারী প্রতিষ্ঠানগুলোর ‘ক্লায়েন্ট চার্টার’ না থাকায় জনগণ ওইসব প্রতিষ্ঠানের প্রদেয় সেবা ও নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারেন না।
বুধবার জারিকৃত পরিপত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের পেনশনের একটি তালিকা তৈরি করতেও বলা হয় সব মন্ত্রণালয় ও বিভাগকে। কারণ উল্লেখসহ অনিষ্পন্ন পেনশনের তালিকা প্রতিমাসে সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে জমা দিতে বলা হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন দপ্তর ও অধিদপ্তরের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যমান বিধিবিধান যুগোপযোগী করার প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনীর প্রস্তাব এক মাসের মধ্যে চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগকে। এ ক্ষেত্রে কোনো কমিটি গঠনের প্রয়োজন থাকলে সংশ্লিষ্টদের নিয়ে তা গঠন করতেও বলা হয়েছে।
