চট্টগ্রামে জরুরি বিধিমালায় প্রথম রায়ে ডাকাতের সাত বছর জেল
চট্টগ্রামে জরুরি বিধিমালার আওতায় দায়ের করা মামলায় জাকির উল্লাহ প্রকাশ নামের এক ডাকাতকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একটি ডাকাতির ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় বুধবার জেলা ও দায়রা জজ এএনএম বশিরউল্লাহ এই রায় দেন। চট্টগ্রামে জরুরি বিধিমালার আওতায় বিচারাধীন মামলাগুলোর মধ্যে এটাই প্রথম রায়।
মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের ২২ ফেব্র“য়ারি লোহাগাড়ার নারিস্যা এলাকায় ডাকাতির সময় জাকির উল্লাহ একটি বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ ধরা পড়ে। তদন্ত শেষে ১৪ মে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৪ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালত বুধবার জাকির উল্লাহকে সাত বছরের কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি কফিল উদ্দিন চৌধুরী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভেকেট তফছির উদ্দিন আহমেদ।
