মীর নাছির ও আমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে
সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিন ও তার ছেলে এবং আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। বুধবার দুটি মামলায় মোট ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মীর নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলায় বুধবার সংসদ ভবনে বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায় আরও তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
সাক্ষীরা হচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আবুল হোসেন, ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট লতিফুল ইসলাম এবং অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ--মহাব্যবস্থাপক আকিকুন নেসা।
এ নিয়ে মামলাটির ২৩ জন সাক্ষীর মধ্যে মোট ১১ জন সাক্ষ্য দিলেন।
এদিকে আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলমও বুধবার আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করেন।
এরা হলেন বিআরটিএ এর পরিদর্শক ইসমাইল হাওলাদার, গণপূর্ত বিভাগের দুই নির্বাহী প্রকৌশলী শরিফুল আজম এবং রফিকুল ইসলাম।
এ নিয়ে মামলাটির ২১ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে মীর নাছির উদ্দিন, তার ছেলে মীর হেলালউদ্দিন এবং আমানউল্লাহ আমানকে আদালতে আনা হয়। অসুস্থ সাবেরা আমানকে আনা হয় অ্যাম্বুলেন্সে করে।
