২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ভূমিহীন পরিবারে হামলার ঘটনায় মামলা

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকাইলপুর গ্রামের ১৫০ টি ভূমিহীন পরিবারের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার দুটি পৃথক মামলা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 08:16 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

নওগাঁ জেলা পুলিশ সুপার সরদার নুরুল আমিন জানান, নাকাইলপুর গ্রামের নীল চাঁদ ও মর্জিনা বাদি হয়ে নিয়ামতপুর থানায় মামলা দুটি দায়ের করেন। রোববারের ওই হামলার ঘটনার পর ওই স্থানে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম শহিদুল হক মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভূমিহীন পরিবারের ওপর রোববার ভূমিদস্যুদের হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় পরদিন সোমবার নওগাঁ জেলা প্রশাসক শেফাউল করিম ও পুলিশ সুপার সরদার নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হামলার সঙ্গে জড়িত সন্দেহে সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেনসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিনকে নওগাঁ পুলিশ লাইনে প্রত্যাহার এবং দুই সহকারি উপ পরিদর্শক মামুন ও মুরছালিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

হামলার সময় পালিয়ে যাওয়া ভূমিহীন পরিবারের সদস্যরা পুলিশ ক্যাম্প বসানোর পর বাড়ি ফিরতে শুরু করেছেন।