চট্টগ্রামে শিশুসহ দু’জন খুন
নগরীর ফিরিঙ্গীবাজারে এক গৃহকর্মী এবং বাকলিয়ায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালী থানার উপ--পরিদর্শক মোহাম্মদ হামিদ জানান, মঙ্গলবার দুপুরে ফিরিঙ্গিবাজার এলাকার একটি পাঁচ তলা ভবনের পঞ্চম তলায় নারায়ণ কান্তির বাসা থেকে উদ্ধার করা হয় গৃহকর্মী টকি চৌধুরীর (৪৪) লাশ। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় শাড়ি প্যাঁচানো ছিল।
পুলিশের ধারণা, ঘরের লোকজনের অনুপস্থিতে ওই বাসায় ডাকাত দল হানা দেয়। ডাকাতরাই ধারালো কোনও অস্ত্র দিয়ে আঘাতের পর টকিকে শ্বাসরোধে হত্যা করে। বাসার আলমারি খোলা পাওয়া যায় এবং বেশ কিছু স্বর্ণালঙ্কারও খোয়া গেছে।
টকির লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রাজাখালি এলাকার জনতা রাইস মিলের পানির ট্যাংক থেকে বাকলিয়া থানা পুলিশ মঙ্গলবার সকালে উদ্ধার করে আনিছুর রহমানের (০৫) লাশ। আনিছের বাবার নাম মোহাম্মদ আলম। রাইস মিলের কাছেই তাদের বাসা।
বাকলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ--পরিদর্শক শাহ আলম জানান, মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করলে রবিউল ইসলাম সুমন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ধারণা, হত্যার পর আনিছের লাশ পানির ট্যাংকে ফেলা হয়।
পুলিশ জানায়, সোমবার থেকেই আনিছের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর আগে মোবাইল ফোনসেট হারানো নিয়ে প্রতিবেশী মুন্নী আকতারের সাথে আনিছের বাবার ঝগড়া হয়। ওই ঘটনার সঙ্গে আনিছের মৃত্যুর যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
