মীর নাছির ও আমানের দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে
সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন ও তার ছেলে এবং আমানউল্লাহ আমান ও তার স্ত্রী বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে।
মীর নাছিরউদ্দিন তার ছেলে মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে মামলায় মঙ্গলবার সংসদ ভবনে বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায় আরও চার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষীরা হচ্ছেন বিআরটিএ--র সহকারী পরিচালক লোকমান হেসেন, এইচএসবিসি ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিল্ডিং ফর ফিউচার-এর ব্যবস্থাপক আকবর হোসেন এবং সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।
সোমাবার তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আগের দিন রোববার সাক্ষ্য দেন মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শারমিন ফেরদৌসি। এ নিয়ে মোট ৮ জন সাক্ষ্য দিলেন।
এদিকে আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে মামলায় বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলমও মঙ্গলবার চারজনের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসরিন আরা সুরাত আমিন, জেলা ভূমি রেজিস্টার আব্দুল করিম, সাভারের সহকারি ভূমি রেজিস্টার রেজাউল করিম এবং কেরানীগঞ্জের ভুমি সাব--রেজিস্টার আব্দুল জব্বার খান।
সোমবার মামলার বাদীসহ চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
এর আগে সকাল সাড়ে দশটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে মীর নাছিরউদ্দিন, তার ছেলে মীর হেলালউদ্দিন এবং আমানউল্লাহ আমানকে আদালতে আনা হয়। অসুস্থ সাবেরা আমানকে আনা হয় অ্যাম্বুলেন্সে করে।
