২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহের অভিযোগ থেকে মুক্তি পেলেন শাহরিয়ার কবিরসহ সাতজন

শাহরিয়ার কবির, সালিম সামাদ, প্রিসিলা রাজ এবং দুই বিদেশি সাংবাদিকসহ ৭ জনকে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। গত জোট সরকারের আমলে মামলাটি দায়ের করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 06:19 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য তদন্ত কর্মকর্তার প্রস্তাব মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানির পর হাকিম মীর আলী রেজা এই আদেশ দেন।

সাহিত্যিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির, সাংবাদিক সালিম সামাদ ও প্রিসিলা রাজসহ অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলেন ইতালির সাংবাদিক লিউ পলটো ব্র“নো সরেনটিনো, যুক্তরাষ্ট্রের সাংবাদিক জাইবা নাজ মালিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রামের নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং জনৈক তোফায়েল আহমেদ।

এরা সবাই হাইকোর্ট থেকে পাওয়া জামিনে ছিলেন। সালিম সামাদ কানাডায় বসবাস করছেন। 

বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ১৫ নভেম্বর লিউ পলটো ব্র“নো ও জাইবা নাজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। বিএনপি নেতা দিদারুল ইসলামের দায়ের করা ওই মামলায় দুই বিদেশি সাংবাদিককে সহযোগিতা করার অভিযোগে সালিম সামাদ ও প্রিসিলা রাজকেও আসামি করা হয়।

মামলায় অভিযোগে করা হয়, জাইবা নাজ ও পলটো ব্র“নো ২০০২ সালের ৬ নভেম্বর বাংলাদেশে আসেন। তারা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির সাক্ষাৎকারের ভিডিওচিত্র ধারণ করেন। এসময় তারা পরিচয় গোপন করে বায়তুল মোকাররম মসজিদেরও ছবি ধারণ করেন।

অভিযোগে বলা হয়, বিদেশি দুই সাংবাদিক তালেবান ও মৌলবাদীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিদেশে প্রতীয়মান করতে চান। এরা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন।   

মামলা দায়েরের পরপরই পলটো ব্র“নো, জাইবা নাজ, সালিম সামাদ এবং প্রিসিলা রাজকে গ্রেপ্তার করা হয়। আসামি না করা হলেও শাহরিয়ার কবির ও রানা দাশগুপ্তকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলাটি তদন্ত করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক মাসুদ করিম। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ মে সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে প্রস্তাব দেন তদন্ত কর্মকর্তা।