২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ন্তবাস মোজা গামছাসহ সম্পত্তির হিসাব দিলেন কাদের সিদ্দিকী

দুর্নীতি দমন কমিশনে গিয়ে স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ‘বঙ্গবীর’ কাদের সিদ্দিকী। বিবরণীতে ৪৯ লাখ ৮৩ হাজার ৩শ’ ১২ টাকার অস্থাবর সম্পত্তির মধ্যে তিনি তার জুতা, মোজা, গামছা এমনকি জাঙ্গিয়ার সংখ্যাও উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 09:52 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

কাদের সিদ্দিকী ছাড়াও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ সামসুর রহমান খান শাহজাহান এবং মধুপুর পৌরসভার চেয়ারম্যান সরকার শহীদ সোমবার দুপুরে কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে সম্পত্তির হিসাব জমা দেন।

কাদের সিদ্দিকীর জমা দেওয়া বিবরণী অনুযায়ী তার অস্থাবর সম্পত্তির মূল্য ৪৯ লাখ ৮৩ হাজার ৩শ’ ১২ টাকা। এর মধ্যে রয়েছে ৬টি জাঙ্গিয়া, ৬টি গেঞ্জি, ৪ জোড়া মোজা, ৫টি টাই, ৫টি গামছা, ৪টি লুঙ্গি, ১২ সেট পাঞ্জাবি, ৪টি ফতুয়া, ৪টি শাল, ৩টি জ্যাকেট, ২ সেট স্যুট, ৪টি মুজিব কোট, ২ জোড়া জুতা, ৪ জোড়া স্যান্ডেল, ২টি স্যুটকেস, ২টি হাত ঘড়ি, ১টি রিভলবার, ২টি বন্দুক, ২টি জিপ, ২টি ট্রাক, ২টি স্পিডবোট, দেড়শ গল্পের বই; স্ত্রীর নামে আছে ৫০ ভরি স্বর্ণ ও ১৫ ভরি রূপার অলঙ্কার।

এছাড়া নিজের ও পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তির মধ্যে ঢাকায় একটিসহ মোট ছয়টি বাড়ি, তিনটি পুকুর এবং প্রায় দেড়শ একর কৃষিজমি রয়েছে।

বিবরণীতে ৭টি ব্যাংকে একাউন্ট, ৫টি কোম্পানিতে শেয়ার, ১টি স্থায়ী আমানত (এফডিআর) এবং একটি বেসরকারি সংস্থার কাছে ১৫ লাখ টাকা ঋণের কথা উল্লেখ করেছেন তিনি।

কাদের সিদ্দিকী সম্পত্তির হিসাব জমা দিয়ে চলে যাওয়ার পর বিকেল চারটার দিকে কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই প্রতিবেদকসহ সাংবাদিকদের ডেকে  কাদের সিদ্দিকীর স্বাক্ষরসহ বিবরণীটি দেখান।

এর আগে বিকেল তিনটার দিকে  নফহবংি২৪.পড়স কে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, “বিবরণীতে কী কী লিখেছি সবকিছু আমার মনে নেই। আমার এসব মনেও থাকে না। কমিশন আমার স্বাক্ষরসহ কোনো বিবরণী দেখালে বুঝবেন ওটাই আমার সম্পত্তির হিসাব।” 

এদিকে সাবেক সাংসদ সামসুর রহমান খান শাহজাহান তার বিবরণীতে নিজের ও স্ত্রী--সন্তানদের নামে ৮৫ লাখ ৪০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি থাকার কথা উল্লেখ করেছেন। 

গত ১৪ মে টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক মফিদুল ইসলাম কাদের সিদ্দিকীসহ ১১ জনকে সাত দিনের মধ্যে সম্পত্তির হিসেব দেওয়ার নোটিশ দেন।

ভুল স্বীকার: এই খবরে এর আগে কাদের সিদ্দিকীর ‘মোট সম্পত্তির মূল্য’ ৪৯ লাখ ৮৩ হাজার ৩শ’ ১২ টাকা বলে উল্লেখ করা হয়েছিল। সঠিক তথ্য হচ্ছে এই টাকা তার মোট অস্থাবর সম্পত্তির মূল্য।