খুলনার মেয়রের ওপর ৯৬ শতাংশ মানুষই অসন্তুষ্ট: জরিপের ফলাফল
খুলনার মেয়র শেখ তৈয়েবুর রহমানের ওপর নগরীর ৯৬ শতাংশ মানুষ অসন্তুষ্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
রোববার খুলনা প্রেসক্লাবে টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। জরিপ প্রতিবেদনটি পড়ে শোনান সচেতন নাগরিক কমিটির সদস্য আনোয়ারুল কাদির।
খুলনা মহানগরীকে ৫০ টি এলাকায় বিভক্ত করে প্রতি এলাকা থেকে ২০ টি বাড়ির গৃহকর্তার থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে জরিপের ফলাফল তৈরি করা হয়। ২০০৬ সালের ১১ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপ প্রতিবেদনে বলা হয়, খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন সেবা প্রদান করার দায়িত্বে থাকলেও বাস্তবে এর প্রতিফলন নেই। ৩৭ শতাংশ মানুষের মতে, রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, ৮১ শতাংশের মতে, রাস্তায় যেসব আলো আছেও তাও ঠিকমতো কাজ করে, শহরের ১৩ শতাংশ এলাকায় স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। জন্ম ও মৃত্যুর খবর কেসিসির নিজ দায়িত্বে নেওয়া হয় না বলে জানান ৯৯ শতাংশ উত্তরদাতা। এ ছাড়া নগরীর মশা নিয়ন্ত্রণ, পরিস্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও অধিকাংশ উত্তরদাতাই নেতিবাচক মনোভাব প্রকাশ করেন। কেসিসির দরপত্র আহ্বানেও অনিয়ম হয় বলে মত দিয়েছেন ৮২ শতাংশ মানুষ। ৪৮ শতাংশ মানুষের মত হচ্ছে, তারা মেয়রকে কখনও কাজের জন্য পাননি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিআইবির গবেষক সাধন কুমার দাস ও দীপু রায়। এসময় উপস্থিত ছিলেন সনাক খুলনার আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য অধ্যাপক মো. জাফর ইমাম, বেগম ফেরদৌসী আলী, শেখ আবদুল কাইউম, রোজী রহমান, অ্যাডভোকেট সৈয়দা সাবিহা, শামীমা সুলতানা শীলু, টিআইবির নকীব রাজীব আহমেদ, শেখ বশির আহমেদ।
