হান্নান শাহ ও তার ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ এবং তার ছেলে রেজাউল হান্নানকে পাঁচদিনের পুলিশ রিমান্ড শেষে রোববার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
নতুন দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও কোন রিমান্ড আবেদন না চাওয়ায় গাজীপুরের দুই নম্বর আমলি আদালতের বিচারক মাহমুদুল কবীর মুরাদ আসামিদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হান্নান শাহর ডিভিশন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, পাঁচ দিনের রিমান্ড শেষে হান্নান শাহ ও তার ছেলেকে বিকেল সাড়ে তিনটায় জয়দেবপুর থানা থেকে গাজীপুর আদালতে হাজির করা হয়। এ সময় হান্নান শাহর আইনজীবীরা তাদের জামিন চাইলে এর বিরোধিতা করে বক্তব্য রাখেন আদালত পরিদর্শক নূর মোহাম্মদ আকন্দ। উভয়পক্ষের বক্তব্য শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তায় আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
হান্নান শাহর রিমান্ড প্রার্থনা না করার ব্যাপারে প্রশ্ন করা হলে উপ--পরিদর্শক আবুল বাশার নফহবংি২৪.পড়স--কে বলেন, “এ মুহূর্তে রিমান্ডের প্রয়োজনীয়তা অনুভব করিনি। প্রয়োজনে পরে রিমান্ড চাওয়া হবে।”
এর আগে কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুহুল আমীনের দায়ের করা মামলায় গত ১৪ মে ঢাকার মহাখালীতে ডিওএইচএসের বাসা থেকে পুলিশ হান্নান শাহ ও তার ছেলেকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ওইদিন আদালত আসামিদের পাঁচদিনের রিমান্ডে পাঠান।
হান্নান শাহ ও তার ছেলের বিরুদ্ধে ইতিমধ্যে পাঁচটি করে মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
