ফেলনা জিনিস নিয়ে দুর্লভ শিল্প
ক্যানভাসে টুকরো টুকরো কাঠ, বাঁশের টুকরো, সঙ্গে ছোপ ছোপ রঙ আর তুলির আঁচড়। কোনটায় ফুটে উঠেছে নীলাকাশ আর দিগন্তের আভাস, কোনটায় রমনীর মোহনীয় ভঙ্গিমা।
রাজধানীর বেঙ্গল গ্যালারিতে শনিবার ‘কোলাজ কল্প’ নামে কোলাজশিল্পের কর্মশালায় আঁকা ছবির সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে এসেছিলেন স্পেন প্রবাসী চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
কোলাজ কল্পের প্রসঙ্গে তিনি বলেন, “লোকজ উপকরণ ও চারপাশের প্রকৃতি থেকে পাওয়া জিনিস, রং নিয়ে মিলিয়ে-মিশিয়ে ছবি করার আগ্রহ ছিল বহুদিনের। আমরা চেষ্টা করেছি এমন কিছু সৃষ্টি করতে যা আগে করা হয়নি। ”
বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী জানান, ২০০৪ সালের জুলাই মাসে ঘন বর্ষায় শিল্পী মনিরুল ইসলামের নেতৃত্বে একটি কর্মশালার আয়োজন করা হয় সাভারের বংশীবাড়িতে। এই কর্মশালার নাম দেওয়া হয় ‘কোলাজ কল্প’।
বংশী নদী পার হয়ে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর ১৬ জন শিল্পী কোলাজ কল্পে অংশ নেন বলে জানালেন শিল্পী মনিরুল ইসলাম।
তিনি বলেন, “রাজ্যের যতসব ফেলনা জিনিসপত্র এই সব ছবির উপকরণ। যা করতে ইচ্ছে করে ও যা করতে ইচ্ছে করে না সবগুলোই এই কর্মশালায় করেছেন কোলাজ শিল্পীরা।”
সুবীর চৌধুরী জানান, কর্মশালার ১১৮ টি ছবির মধ্যে ৫০ টি ছবি নিয়ে কোলাজ কল্পের এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২০ মে রোববার দুপুর ১২টায় প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। চলবে ২৬ মে পর্যন্ত পর্যন্ত।
