সিলেট সদরে উপবৃত্তির ২৪ লাখ টাকা আত্মসাৎ: জরিপ
সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ২০০৫ সালে অবৈধভাবে ৩৩ লাখ ৪৫ হাজার ১৮৪ টাকা আদায় করা হয়েছে। আত্মসাৎ করা হয়েছে উপবৃত্তির ২৪ লাখ ২০ হাজার ৫৬৯ টাকা। ৭৩ ভাগ ছ্ত্রাছাত্রী উপবৃত্তির টাকা মোটেই পাননি। আর যারা পেয়েছেন তাদের ৬৭ ভাগকে কম টাকা দেওয়া হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় সিলেট সচেতন নাগরিক কমিটি (সনাক) পরিচালিত ২০০৫ সালের এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শনিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভায় ‘সিলেট সদর উপজেলার প্রাথমিক শিক্ষা:একটি রিপোর্ট কার্ড জরিপ প্রতিবেদন ২০০৬’ প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও দুর্নীতিমুক্ত করার জন্য প্রতিবেদনে বেশ কিছু সুপারিশও করা হয়েছে।
সিলেট সদর উপজেলার ১৮টি ইউনিয়নে ৭১৩টি গ্রাম ও সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১৭৭টি সরকারি ও ৩৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জরিপে অন্তর্ভুক্ত ছিল।
প্রতিবেদনে বলা হয়, সদর উপজেলার উপবৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা ৭ হাজার ৮০৩। এর মধ্যে সরকার নির্ধারিত টাকা থেকে ২০০৫ সালে ৬৭ ভাগ শিক্ষার্থী জনপ্রতি গড়ে ৪৬৩ টাকা কম পেয়েছে। এ টাকার মোট পরিমাণ হচ্ছে ২৪ লক্ষ ২০ হাজার ৫৬৯ টাকা।
প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি ফি, পরীক্ষার ফি, বিনামূল্যে বই দেওয়া বাবদ ফি, বার্ষিক খেলাসহ অন্যান্য ও বিবিধ খাতে ২০০৫ সালে শিক্ষার্থীদের কাছ থেকে বিধিবহির্ভূতভাবে ৩৩ লাখ ৪৫ হাজার ১৮৪ টাকা আদায় করা হয়েছে। এসব টাকা নেওয়ার পর কোনো রশিদ পাননি বলে জানিয়েছেন ৯২ ভাগ শিক্ষার্থী।
জরিপ অংশ নেওয়া ৩৪ ভাগ শিক্ষার্থী জানান বিদ্যালয়ে নিয়মিতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। তবে জাতীয় পতাকা উত্তোলন প্রশ্নে ৯৯ ভাগ হ্যাঁ উত্তর পাওয়া গেছে। ৫৯ ভাগ উত্তরদাতা জানান, বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সভা হয় না । ২১ ভাগ উত্তরদাতা জানান, পরীক্ষার আগে শিক্ষকরা প্রশ্ন বলে দেয়। ৮৬ ভাগ জানান, বিদ্যালয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হয় না।
বেশির ভাগ বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণী কক্ষ, বৈদ্যুতিক পাখা, খেলার মাঠ, বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্য সম্মত পায়খানার অভাব রয়েছে বলে জরিপে উঠে এসেছে।
প্রতিবেদনে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধ করতে কিছু সুপারিশও তুলে ধরা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য উদ্বুদ্ধকরণ, সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বিতীয় শ্রেণী এবং প্রধান শিক্ষককে প্রথম শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা প্রদান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা রাখার বিধান ও সদস্য নির্বাচনে নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে দাপ্তরিক কাজের জন্য একজন অফিস সহকারী ও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসি কুমার দাস।
সনাকের আহবায়ক অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, টিআইবির সিনিয়র কর্মসূচি কর্মকর্তা নন্দলাল সূত্রধর। জরিপ প্রতিবেদন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দেন টিআইবির সহকারী গবেষণা কর্মকর্তা মনজুর-ই-খোদা।
