নেত্রকোনায় অস্ত্রসহ চাঁদাবাজ গ্রেপ্তার
পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের টঙ্গির ভিটা থেকে শনিবার দুপুরে আলমগীর হোসেনকে (২০) একটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
এদিকে নেত্রকোনা পুলিশ শুক্রবার রাতে ঢাকার সবুজবাগ, নারায়ণগঞ্জ ও টঙ্গিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামীকে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জ্ঞানেন্দ্র চন্দ্র দাস জানান, আলমগীর বিভিন্ন সময় অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিল। যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। বিকালে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মদন উপজেলার বরাটী গ্রামের তাজুল ইসলাম (৩০), আব্দুর রশিদ (৩৫), ও বাররী গ্রামের এখলাছ মিয়াকে (৪০) শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নেত্রকোনা পুলিশ। তারা সবাই একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শনিবার আদালতে হাজির করানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, প্রতারণা মামলায় ১৯৯২ সালে তিন জনেরই ৯ বছর ৩ মাস করে কারাদণ্ডাদেশ হয়।
