হান্নান শাহ ও ছেলের বিরুদ্ধে আরও মামলা
বিএনপি নেতা আ স ম হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানের বিরুদ্ধে শনিবার কাপাসিয়া থানায় আরও দুইটি মামলা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানিয়েছেন, কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের ঘোরশ্বাব গ্রামের মৎস্যজীবী হরিপদ ও ভাওয়াল পরিবহন (প্রাঃ) লিমিটেডের গাড়ির মালিক এম এইচ নোমান পৃথক ভাবে মামলা দুটি করেন।
হরিপদ তার এজাহারে উল্লেখ করেন, ঘোরশ্বাব সরকারি জলমহালের একাংশ ইজারা নিয়ে সেখানে মাছ ধরতে যাওয়া জেলেদের ওপর নির্যাতন চালান হান্নান শাহ। মামলায় হান্নান শাহ ও তার ছেলে ছাড়াও আরও ২৫/৩০ জনকে আসামী করা হয় বলে থানা সূত্র জানায়।
ভাওয়াল পরিবহনের একটি গাড়ির মালিক এম এইচ নোমান তার এজাহারে উল্লেখ করেন, গাড়ির মালিক না হলেও হান্নান শাহ তার প্রভাব খাটিয়ে ছেলে শাহ রেজাউল হান্নানকে ওই পরিবহনের চেয়ারম্যান বানান। ওই পরিবহনের অধীনে একটি গাড়ি চালাতে ২০০৪ সালের ২০ জানুয়ারি তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা নেওয়া হয়। পরে দাবি অনুযায়ী আরও দু’লাখ টাকা না দেওয়ায় রানীগঞ্জ-মাহাখালী রুটে বাদীর গাড়িটির চলাচল বন্ধ করে দেয়া হয়।
এ মামলায় হান্নান শাহ ও শাহ রেজাউল হান্নানের সঙ্গে ভাওয়াল পরিবহনের কয়েকজন কর্মকর্তাকেও আসামী করা হয় বলে থানা সূত্র জানায়।
হান্নান শাহ ও শাহ রেজাউল হান্নান এখন কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক রুহুল আমিনের দায়ের করা চাঁদাবাজি মামলায় জয়দেবপুর থানায় রিমান্ডে রয়েছেন। রোববার তাদের গাজিপুর আদালতে হাজির করানোর কথা রয়েছে।
