বগুড়ায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার
এক যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শাহজাহানপুর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক পারভেজ পলাশকে শুক্রবার বিকালে বেতগাড়ী থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন শহরের চক ফরিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় যুবদল নেতা মোহন হত্যামামলার আসামী জালাল হোসেন ঝন্টুকে। এছাড়া বৃহস্পতিবার রাতে দুপচাচিয়া উপজেলার ধামহাট থেকে গ্রেপ্তার করা হয় আমির হোসেন (৫৫) ও মজিদ ব্যাপারী (৬৩) নামে দুই প্রতারককে।
র্যাবের একটি দল শাজাহানপুরের সুজাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশি বন্দুকসহ গ্রেপ্তার করে যুবলীগ নেতা পারভেজ পলাশকে। তার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে। র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন মেহেদী হাসান জানান, পলাশের বিরুদ্ধে অন্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
হত্যামামলার আসামী ঝন্টুকে শহরের চক ফরিদ কলোনিতে তার বাসা থেকে শুক্রবার বিকালে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মোহন হত্যাকাণ্ডের বিষয়ে ঝন্টু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা মেহেদি হাসান। ঝন্টুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
দালালির নামে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে ধামহাট থেকে গ্রেপ্তার করা হয় বড়ধাপ এলাকার আমির হোসেন (৫৫) ও মালগ্রামের আব্দুল মজিদ ব্যাপারীকে (৬৩)।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব সদস্যরা বগুড়া সদরের গোকুল বাজারে রংপুর থেকে ঢাকাগামী ক্লাসিক পরিবহনে তল্লাশি চালিয়ে চার কেজি গাজা উদ্ধার করে।
