রাজশাহী মেডিকেলে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকদের অব্যাহত কর্মবিরতির কারণে পাঁচজন রোগীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সীমা বেগম নামে মৃত এক রোগীর মা বাদী হয়ে কর্তব্যরত ২০--২২ জন চিকিৎসকের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে ধর্মঘটী চিকিৎসকদের কাজে যোগদানের নোটিশ দেওয়া হলেও রাত আটটায় মাত্র তিনজন যোগ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
চিকিৎসায় অবহেলার অভিযোগে এক রোগীর আত্মীয়ের সঙ্গে হাতাহাতির জের ধরে বুধবার সন্ধ্যা থেকে শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে যান।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলাকালে ১৭ নম্বর ওয়ার্ডের মধু, রাত ১২ টার পর ২৬ নম্বর ওয়ার্ডের ফজলুর রহমান, রাত পৌনে ২ টায় ৬ নম্বর ওয়ার্ডের কোহিনুর বেগম ও সকাল ৬ টা ০৫ মিনিটে ১৬ নম্বর ওয়ার্ডের রোগী সীমা বেগম এবং সকাল সাড়ে সাতটায় জয়নব বেগম নামের ছয়জন রোগী মারা গেছেন।
এদের মধ্যে সীমা বেগমের স্বামী চাঁপাইনবাবগঞ্জ কারাগারের রক্ষী শাহাবুদ্দীন এবং সীমার দেবর পুলিশের নায়েক ওলিউল্লাহর সঙ্গেই শিক্ষানবিশ চিকিৎসকদের হাতাহাতির জের ধরেই এ ঘটনার সূত্রপাত হয়।
সীমা বেগমের পরিবারের লোকজন জানান, গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার সকাল আটটার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত তার চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। এক পর্যায়ে সীমা অচেতন হয়ে যান এবং তার মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। এ অবস্থায় চিকিৎসকদের বারবার অনুরোধ করার পরও চিকিৎসা না দেওয়ায় শিক্ষানবিশ চিকিৎসক মাতুয়ারা শারমিনের সঙ্গে রোগীর দেবরের হাতাহাতি হয়। এ সময় অন্য শিক্ষানবিশ ডাক্তাররা ঘটনাস্থলে ছুটে এলে ওলিউল্লাহ পালিয়ে যান।
সীমার স্বজনরা জানান, সন্ধ্যার দিকে সীমা বেগমের স্বামী চাঁপাইনবাবগঞ্জ থেকে হাসপাতালে পৌঁছালে শিক্ষানবিশ ডাক্তাররা তাকে মেরে দুই হাত ভেঙ্গে দিয়ে হাসপাতালের পরিচালকের কক্ষে আটকে রাখেন।
তারা আরও অভিযোগ করেন, ভোরবেলায় সীমা মারা গেলেও তার লাশ চার ঘণ্টা ওয়ার্ডে এবং পরে বিকেল ৪ টা পর্যন্ত লাশ ঘরে পড়েছিল।
হাতাহাতির খবর পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের উপ মহাপরিদর্শক (কারাগার) মেজর হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ছুটে আসেন। এ সময় তিনি এবং পুলিশের ঊর্ধŸতন কর্মকর্তা ডেপুটি কমিশনার (ডিসি সদর) মাহাবুব বিষয়টি আপসের চেষ্টা করেন। কারা কর্মকর্তা ঘটনা তদন্ত করে দোষী সাব্যস্ত হলে কারারক্ষী সাহাবুদ্দিনের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত করাসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় কারা কর্মকর্তা মেজর হাফিজুর রহমান মোল্লা জানান, কারারক্ষী সাহাবুদ্দিনের স্ত্রী সীমা বেগম বিনা চিকিৎসায় মারা গেছেন। সাহাবুদ্দিনকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুর্ভাগ্যজনক ঘটনার কারণেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে শিক্ষানবিশ চিকিৎসক মাতোয়ারা শারমিন অভিযোগ করেন, তাকে কিল--ঘুসি মারা হয়েছে। তিনি এবং আরও কয়েকজন চিকিৎসক সাহাবুদ্দীনকে মারার কথা অস্বীকার করে বলেন, র্যাব সদস্যরাই তাকে মেরেছে।
স্মারকলিপিতে তারা বলেন যে, সাহাবুদ্দীন, ইব্রাহিম ও অপর একজন শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর চড়াও হয়েছিলেন।
সন্ধ্যার পর চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার বজলে কাদেরের কাছে স্মারকলিপি দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন।
রাত ১১ টার দিকে পরিচালক কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানালেও চিকিৎসকরা সাড়া দেননি। ফলে চিকিৎসা না পেয়ে রাত ১২টার দিকে ২৬ নং ওয়ার্ডের রোগী ফজলুর রহমান, রাত পৌনে দুইটার দিকে ছয় নং ওয়ার্ডের রোগী কোহিনূর বেগম এবং সকাল ছয়টায় ১৬ নং ওয়ার্ডের রোগী সীমা বেগম এবং সাড়ে সাতটায় জয়নব বেগম মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার বজলে কাদের দুপুরে সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬ টায় শিক্ষানবিশ চিকিৎসকদের কাজে যোগদানের জন্য নোটিশ দেওয়া হয়েছে। যদি তারা কাজে যোগ না দেন তবে তাদের ছাড়াই হাসপাতালের বিশেষজ্ঞ ও অন্য চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম সচল রাখা হবে। এ ব্যাপারে দুপুর ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৈঠক করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, এ ঘটনা তদন্তে সার্জারি বিভাগের প্রধান ডা. আবদুল হান্নানকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানগর পুলিশের সহকারী কমিশনার জয়দেব কুমার জানান, সীমা বেগমের মা নুরজাহান বেওয়া বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
