২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা নেতা গফ্ফার বিশ্বাস কারাগারে

জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর নেতা আব্দুল গফফার বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

গফ্ফার বিশ্বাস এবং তার ভাই আব্দুর রাজ্জাক রাজা ও ভাইপো আনিছুর রহমানকে বৃহস্পতিবার দুপুরে খুলনা সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক জরুরি ক্ষমতা বিধিমালায় এক মাসের আটকাদেশ দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই সময় তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে তাও নামঞ্জুর করে আদালত।

যৌথবাহিনী বুধবার মধ্যরাতে বিপুল পরিমাণ অস্ত্রসহ তিনজনকেই গ্রেপ্তার করে । পরে তাদের খালিশপুর থানায় সোপর্দ করা হয়।

খালিশপুর থানার কর্তব্যরত দারোগা মোশাররফ হোসেন জানান, রাত দেড়টায় নগরীর নূরনগর এলাকায় গফফার বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময়  ২০৬ রাউন্ড গুলিসহ একটি পয়েন্ট টুটু বোরের রাইফেল, একটি পয়েন্ট থ্রিটু রিভলবার ও ৩৮ রাউন্ড গুলি এবং ২৭৩ রাউন্ড গুলিসহ একটি শটগান উদ্ধার করা হয়েছে।

অবশ্য গফ্ফার বিশ্বাস থানায় সাংবাদিকদের বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি বৈধ। এগুলোর লাইসেন্স তার কাছে আছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, অস্ত্রের কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। আটক তিনজনের বিরুদ্ধে আপাতত জরুরি বিধিমালা অধ্যাদেশের আওতায় মামলা করা হবে।