২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে চাঁদপুরে একটি মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 04:06 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার ভবানীপুর গ্রামের সফিকুল ইসলাম চাঁদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফার আদালতে কামাল সিদ্দিকীসহ মোট ১২ জনের বিরুদ্ধে এ মামলা করেন। একইসঙ্গে কামাল সিদ্দিকীর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনে দুই কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন ওই ব্যক্তি।

মামলার অন্য আসামিরা হচ্ছেন, আবুল কাশেম, জাকির হোসেন, শহীদ উল্যা, ইকবাল হোসেন, চাঁন মিয়া, আফজাল হোসেন, মো. মোস্তাক আহমেদ, আমান উল্যা, মনিরুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান ও আব্দুল আজিজ চুন্নু।

সফিকুল ইসলাম অভিযোগ করেন, জোট সরকারের সময়ে ২০০৬ সালের ১৮ আগস্ট সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীসহ আসামিরা তার গ্রামের বাড়িতে এসে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তারা সফিকুল ইসলামের বাড়িতে চুরি ও লুটপাট করেন। এর ক্ষতিপূরণ হিসেবে তিনি দুই কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা দাবি করেছেন মামলায়।

আদালত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কচুয়া থানাকে নির্দেশ দিয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আদালতের চিঠি পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।