২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগমা হুদাকে বিদেশ যেতে হাইকোর্টের অনুমতি রোববার পর্যন্ত স্থগিত

সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে বিদেশ যাওয়ার ব্যাপারে হাইকোর্টের অনুমতি রোববার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বুধবার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়।

আপিলের শুনানিতে সরকার পক্ষে অংশ নেন অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ।

১৩ মে বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিগমা হুদাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল। তবে এই আদেশ স্থগিত করার জন্য সরকার আপিল বিভাগে আবেদন জানালে মঙ্গলবার আদালত এর ওপর একদিনের স্থগিতাদেশ দেয়। এ ছাড়া বুধবার আপিল বিভাগের বেঞ্চে আবেদনটির শুনানির দিন ধার্য করা হয়।

আদেশটি স্থগিতের জন্য সরকারের দায়ের করা ওই আবেদনে বলা হয়েছে, ২৬ এপ্রিল সিগমা হুদার আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্ট। জামিন আবেদনে সিগমা হুদা বলেছিলেন, তিনি খুবই অসুস্থ। কিন্তু বিদেশ যাওয়ার অনুমতির আবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে এক সেমিনারে যোগ দিতে যাবেন তিনি।

সরকারের ওই আবেদনে প্রশ্ন তোলা হয়, সিগমা গুদা অসুস্থ হলে কীভাবে বিদেশে সেমিনারে অংশ নেবেন।

আবেদন দুইটিতে বৈপরিত্যের কথা উল্লেখ করে বিদেশ যাওয়ার অনুমতি স্থগিতের আবেদন জানানো হয়।