রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ৫
মহানগরী ও বাঘা উপজেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার ফেন্সিডিল ও গাঁজাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, মঙ্গলবার ভোরে ভারত থেকে ফেন্সিডিলের একটি চালান আসার খবর পেয়ে মতিহার থানা এলাকার চরশ্যামপুর পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ বোতল ফেন্সিডিলসহ মিঠু মিয়া, রুবেল হোসেন ও সেলিম রেজা নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
মতিহার থানার উপ--পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, ওই তিনজনকেই থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে সোমবার গভীর রাতে র্যাব সদস্যরা বাঘা উপজেলার পাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ দু জনকে গ্রেপ্তার করে পুলিশে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাহ আলম ও সাইদুর রহমান।
