নতুন চারটি প্রতিষ্ঠান আইপিও ছাড়ার অনুমোদন পেয়েছে
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের নতুন চারটি প্রতিষ্ঠান শেয়ার বাজারে প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়ার অনুমোদন পেয়েছে।
প্রতিরক্ষাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড আলাদাভাবে প্রায় ১০৩ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়ার অনুমোদন পেয়েছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক বৈঠকে মঙ্গলবার চারটি প্রতিষ্ঠানের আইপিও ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এসইসির চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংক প্রিমিয়ামসহ ৭০ কোটি টাকা ও ইন্টারন্যাশনাল লিজিং প্রিমিয়ামসহ ১১ কোটি ২৫ লাখ টাকা এবং ফিনিক্স ফাইন্যান্স ১২ কোটি ৫০ লাখ টাকা ও প্যারামাউন্ট ইন্সুরেন্স নয় কোটি টাকার শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে।
সাধারণত কোম্পানির সুনাম, সম্পদের পরিমাণ ও আয় ইত্যাদি বিবেচনায় শেয়ারের অভিহিত মূল্যের অতিরিক্ত যে দাম নির্ধারণ করা হয় তাকে প্রিমিয়াম মূল্য বলা হয়।
চলতিবছর এ নিয়ে মোট আটটি প্রতিষ্ঠান আইপিও ছাড়ার অনুমোদন পেল।
এসইসির পরিচালক এ টি এম তারিকুজ্জামান বলেন, “ আগামী দুই-তিন দিনের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে আইপিওর অনুমোদনপত্র পাঠিয়ে দেওয়া হবে। এরপর তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রসপেক্টাস প্রকাশ করতে হবে। তবে প্রতিষ্ঠানগুলোই সিদ্ধান্ত নেবে কবে থেকে তারা আইপিওর সাবস্ক্রিপসন শুরু করবে।”
তারিকুজ্জামানের মতে, নতুন শেয়ার বাজারে আসলে সরবরাহ বাড়ার পাশপাশি বাজার মূলধনের পরিমাণ বাড়বে। এতে বিনিয়োগকারীদের সামনে বিনিয়োগের বিকল্প সুযোগ আরও বেড়ে যাবে।
এসইসি জানায়, প্রতিটি শেয়ারের বিপরীতে ৫০ টাকা প্রিমিয়াম নেওয়ায় স্ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম হবে ১৫০ টাকা। ইন্টারন্যাশনাল লিজিং প্রতিটি শেয়ারের বিপরীতে ১২৫ টাকা প্রিমিয়াম নেওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের এটি কিনতে হবে ২২৫ টাকায়।
এছাড়া প্রিমিয়াম মূল্য না থাকায় ফিনিক্স ফাইন্যান্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার ১০০ টাকায় ছাড়া হবে।
