খুলনায় জুয়ার বোর্ড থেকে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
জুয়া খেলা অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবদল নেতাসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর ইয়ং বয়েজ ক্লাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক শফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক শেখ আলী আকবর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অসিত বরণ বিশ্বাস, স্বেচ্ছাসেক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি মোর্ত্তজা শেখ, মহানগর যুবলীগের সাবেক নেতা সমীর কৃষ্ণ হীরা, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা আমিনুল ইসলাম সাগর, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম।
খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর জোনের সহকারী কমিশনার নাসের উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর ও খালিশপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ক্লাবের পাঁচটি কক্ষ থেকে ৩১ জুয়াড়ীকে গ্রেপ্তার করে। ওই সময় জুয়ার বোর্ড থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় খুলনা থানায় উপ পরিদর্শক কেশব চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা করেছেন।
