কসবা ও চিরিরবন্দরে ডাকাতি, আহত ৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও দিনাজপুরের চিরিরবন্দরের কয়েকটি বাড়িতে মঙ্গলবার ভোররাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় নয় জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কসবা উপজেলার শিকারপুর গ্রামে তিনটি বাড়িতে ডাকাতির সময় ডাকাতের দায়ের কোপে সাত জন আহত হন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মামুন (২২) নামের এক যুবককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিকারপুর গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্য রাশেদ মিয়া (৩০), আলী মিয়া (৬০) ও মুহসিন মাস্টার (৫৭) জানান, ভোর রাতে ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এলোপাথারি কুপিয়ে তিনটি বাড়ি থেকে নগদ আড়াই লাখ টাকা , দুইটি টিভি, ২০ ভরি স্বর্ণালঙ্কার, ১৪টি মোবাইল ফোন, দামি কাপড় চোপরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইস এনায়েত উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়েছি। তবে কেউ এখনও মামলা করেনি।
দিনাজপুর প্রতিনিধি জানান, চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামে ১০/১২ জনের ডাকাত দল জিকরুল (৫৬) ও মকসেদুলকে (৪০) নামে দুই জনকে আহত করে ১৮ ভরি স্বর্ণালঙ্কার, টিভি, ভিসিআর, নগদ দুই লাখ ১০ হাজার টাকাসহ ৬ লাখ টাকার লুট করে।
আহত দুইজন সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, এ ঘটনায় গৃহকর্তার ভাই মকসেদ বাদী হয়ে মামলা করেছেন। তবে এখনও কোনও আসামী গ্রেপ্তার হয়নি।
