২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারপোলের মাধ্যমে শীর্ষসন্ত্রাসী জয়কে ফিরিয়ে আনার চেষ্টা

শীর্ষসন্ত্রাসী তানভীর উল ইসলাম জয়কে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা ভাবছে সরকার। সাংবাদিকদের এ কথা জানিয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব আবদুল করিম বলেছেন, ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই এ জন্য ‘রেড এলার্ট’ জারি করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 06:59 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

স্বরাষ্ট্রসচিব জানান, বন্দি বিনিময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি না থাকায় কলকাতায় গ্রেপ্তার হওয়া শীর্ষসন্ত্রাসী জয়কে এখনই ফিরিয়ে আনা যাচ্ছে না।একই কারণে যুক্তরাষ্ট্র থেকে আনা যাচ্ছে না বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিনকেও।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনÑশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে আবদুল করিম সাংবাদিকদের জানান, কলকাতায় গ্রেফতার হওয়া জয়কে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই রেড এলার্ট জারি করা হবে। এতে বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশের শীর্ষসন্ত্রাসীদের সম্পর্কে জানতেও পারবে।

একই কারণে মহিউদ্দিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা যাচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রসচিব বলেন, ওই দেশের সরকার তাকে পুশ--ব্যাক করতে চেয়েছিল। কিন্তু আইনি জটিলতার কারণে সে উদ্যোগ থেমে গেছে।

আবদুল করিম আরও জানান, দেশ দুটির সঙ্গে দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের বিষয়ে কুটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আবদুল করিম বলেন, “জরুরি অবস্থা এবং র‌্যাব ও পুলিশের অভিযানের কারণে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। খুন, নারী নির্যাতন এবং এসিড সন্ত্রাসের মতো ঘটনা অনেক হ্রাস পেয়েছে। তবে মহাসড়কসহ বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ কিছুটা বেড়েছে।”

বিভিন্ন থানায় মামলার সংখ্যা বেড়ে যাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রসচিব বলেন, “আগে রাজনৈতিক চাপসহ বিভিন্ন কারণে থানাগুলোতে অনেক মামলা নেয়া যেতো না। এখন পরিস্থিতি ভিন্ন। মামলার আধিক্যের কারণে থানাগুলোতে পুলিশ কর্মকর্তার সংখ্যা বাড়ানো এবং পুলিশে নিয়োগ সংক্রান্ত আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বুশরা হত্যা মামলার দণ্ডিত আসামি কবিরের মুক্তির প্রসঙ্গে আবদুল করিম বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আইনশৃঙ্খলা সংক্রান্ত ওই সভায় পাসপোর্ট  অফিসের কাজের বিকেন্দ্রিকরণের বিষয়ে আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্র সচিব।

পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার নাইম আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহসীনসহ উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।