আমান দম্পতির অভিযোগ গঠনের শুনানি একদিন পেছাল
সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি একদিনের জন্য মুলতবি করা হয়েছে।
সাবেরা আমান গুরুতর অসুস্থ থাকায় তাদের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ জজ আদালত-- ১ এর বিচারক মোহাম্মদ ফিরোজ আলম মঙ্গলবার বেলা ১২টার দিকে অভিযোগ গঠনের শুনানি একদিন পেছানোর আদেশ দেন। বুধবার আদালতে এ ব্যাপারে শুনানি হবে।
সাবেরা আমান বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন।
এদিকে, মীর নাছির ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় বিশেষ জজ আদালত-- ২ এর বিচারক অমর কুমার রায় এ বিষয়ে রায় দেবেন।
সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে মীর নাছির, আমান উল্লাহ আমান ও মীর নাছিরের ছেলে মীর হেলাল উদ্দিনকে সংসদ ভবনের বিশেষ আদালতে হাজির করা হয়।
আমান উল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ আদালতের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “আমার মক্কেলের সম্পত্তির প্রত্যেকটির আয়কর দেওয়া আছে। এটা একটি ভিত্তিহীন মামলা। আমরা তাদের অব্যহতি চেয়ে আবেদন জানিয়েছি।”
আদালতের বাইরে আমান দম্পতির দুই মেয়ে নাসিসা আমান ও নাবিলা আমানও তাদের মায়ের অব্যহতি চেয়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন, তাদের মা খুবই অসুস্থ, তিনি নির্দোষ।
গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে আমান উল্লাহ আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
