২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানি বাড়াতে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার

বাংলাদেশ থেকে গত চারমাসে প্রায় দুই লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 11:34 AM

Updated : 26 Apr 2022, 02:20 PM

জনশক্তি রপ্তানি আরও বাড়াতে প্রচলিত দেশগুলোর পাশাপাশি নতুন শ্রম বাজার অনুসন্ধান করছে সরকার।

পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার চৌধুরী নফহবংি২৪.পড়সকে বলেন, “বিদেশে বাংলাদেশী শ্রম বাজার সম্প্রসারিত করা বর্তমান সরকারের নীতি। এজন্য বিদেশি বাজারের চাহিদার সঙ্গে সমঞ্জস্য রেখে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ইনস্টিটিউট করার পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত প্রকল্প হাতে নেওয়া হবে”।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অদক্ষ, আধাদক্ষ ও দক্ষ মিলিয়ে এক লাখ ৯৭ হাজার কর্মী বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। গত বছর এ সময়ে মধ্যে কর্মী পাঠানোর সংখ্যা ছিল ৯৬ হাজার ৪১১ জন।

সম্ভাব্য নতুন শ্রম বাজারের তালিকায় কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়ার নাম রয়েছে সরকারের কাছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানির বিষয়ে দু’দেশের মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে এ মাসেই।

পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, চলতি মাসের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের শ্রমমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। সেদেশে এখন বিপুল সংখ্যক বাংলাদেশী কর্মী কাজ করছেন। নতুন করে আরো লোক পাঠানোর সুযোগ হতে পারে। এজন্য আমিরাতের শ্রমমন্ত্রীর সফর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় আগামী মাসে পররাষ্ট্র উপদেষ্টা কোরিয়া সফরে যাবেন। সে সময় জনশক্তি রপ্তানির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা আছে। এছাড়া কানাডায়ও সীমিত সংখ্যক জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশে আন্তর্জাতিকমান সম্পন্ন ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। বৈদেশিক অর্থ সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে । সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক হিসাবে যেতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ডিএফআইডি এর কাছে সহায়তা চাওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।