স্থল নিম্নচাপে পরিণত ‘আকাশ’, ৩ নম্বর সতর্ক সংকেত
ঘূর্ণিঝড় ‘আকাশ’ মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম--কক্সবাজার উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ এটি দুর্বল হয়ে পড়ায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় সকাল ১১টা থেকে আবার চালু হয়েছে হয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দর সচিব সৈয়দ ফরহাদউদ্দিন সকাল সাড়ে ১১টার দিকে জানান, সেখানে স্বাভাবিক কার্যক্রম চলছে।
নিম্নচাপটি সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের পূর্বাঞ্চলে এবং এর সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর বলেছে, নিম্নচাপটি স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তর--উত্তরপূর্ব দিকে এগিয়ে গিয়ে দুর্বল হয়ে যেতে পারে। এ সময় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা মাহমুদুল কবির বেলা পৌনে ১১টার নফহবংি২৪.পড়সকে বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মংলা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করলেও বঙ্গোপসাগরের সব মাছধরা ট্রলার, নৌকা ও অন্য নৌযানকে আপাতত নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ সোমবার দুপুর বারোটার দিকে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। রাত ১২টায় ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ--দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ--দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর আগে সোমবার ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার পর্যন্ত ছিল। সে সময় দমকা বা ঝড়ো হাওয়া আকারে গতিবেগ ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।
‘আকাশ’ নামে সৃষ্ট ওই ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক অবস্থা বিবেচনা করে সোমবার উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরা ট্রলার, নৌকা ও অন্যান্য নৌযানকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয় আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার সকালে সেটি উপকূলে আঘাত হানায় বিপদ কেটে গেছে।
