২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় গৃহবধুর কাঁথা মোড়ানো লাশ উদ্ধার

রাজধানীর বাড্ডা থানা এলাকার কুড়িল থেকে সোমবার দুপুরে রুবী বেগম (২২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী মো. রায়হান পলাতক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 11:05 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

পুলিশ জানায়, বাড্ডা কাজীবাড়ি-কুড়িল এলাকার ক-৮৮ নম্বর তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে লেপের কভার ও কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় রুবীর লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় ওড়না পেঁচানো ছিল। তার সারা মুখে ব্লেডের এবং সারা দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে চিহ্ন পাওয়া গেছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, সকাল সাড়ে ১১টার দিকে রুবীর প্রতিবেশী পলি বেগম ওই বাড়ির নীচতলায় দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। সন্দেহ হওয়ায় মালিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।

প্রতিবেশী পলি বেগম জানান, চলতি মাসের এক তারিখ রুবী-রায়হান দম্পতি ওই বাসাটি ভাড়া নেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদউদ্দিন আহমেদ জানান, রুবীর স্বামী রায়হান পলাতক রয়েছে। তাকে আসামি করে এ ব্যপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।