কুমিল্লায় দু’টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
কুমিল্লার দাউদকান্দি ও তিতাসে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও আটজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একবৃদ্ধা ও তার নাতনি রয়েছেন।
সোমবার সকাল ৮টায় তিতাসে এবং বিকেল ৩টায় দাউদকান্দিতে দুর্ঘটনা ঘটে।
পুুলিশ জানায়, তিতাস উপজেলার শিবপুরে ঢাকা-হোমনা সড়কে ‘হোমনা পরিবহনের’ একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। ঘটনাস্থলে আনুমানিক ৬০ বছরের বৃদ্ধা বেগমের নেছা ও তার চার বছরের নাতনি আরিফা মারা যায়। এ সময় আরও দুই পথচারী আহত হয়।
অপর দুর্ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদ নগরে। চাঁদপুর থেকে ঢাকাঅভিমুখী ‘বিলাস পরিবহনের’ সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে ক্যাবের চালক ইয়াকুব ও এক যাত্রী মারা যায়। ইয়াকুবের বয়স আনুমানিক ৪০ বছর। নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোস আহম্মদ চৌধুরী জানান, তিনি দুর্ঘটনা সম্পর্কে জেনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
