২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মাসে ৭৪৪ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায়

বকেয়া বিদ্যুৎ বিল আদায় অভিযান শুরুর চার মাসে সরকারের বিদ্যুৎ বিভাগ প্রায় ৭৪৪ কোটি ৪০ লাখ টাকা আদায় করেছে। এ সময় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দুই লাখ ৮০ হাজার ৩০৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত এক সভায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের এই তথ্য জানানো হয়।

বিদ্যুৎ সচিব এ কে এম জাফরউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিদ্যুৎ সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বকেয়া বিল আদায়ের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয়।

সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, গত জানুয়ারি মাসে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ ও বকেয়া আদায়ে বিদ্যুৎ বিভাগ দেশের বিভিন্ন অঞ্চলে জোরদার অভিযান চালায়। পুলিশ ও যৌথবাহিনীর সহায়তায় ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ বিভাগের প্রায় একশটি টিম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব অভিযান চালিয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, এই অভিযানে শুধু ঢাকা শহরেই ৫৭৬ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা বকেয়া বিল আদায় হয়েছে। এর মধ্যে ঢাকা বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ (ডেসা) আদায় করেছে ৫৬৫ কোটি ৯৬ লাখ টাকা। মিরপুর ও উত্তরা এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ডেসকো আদায় করেছে ১০ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার টাকা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আদায় করা বকেয়া বিলের পরিমাণ ২৫ কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকা। ১৩৯ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৪২৬ টাকা আদায় করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এছাড়া বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ওয়েস্ট জোনে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি আদায় করেছে তিন কোটি সাত লাখ ২২ হাজার টাকা।