২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও বরিশাল মেডিকেল কলেজের পরিচালক পদে রদবদল

রাজশাহী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া রোববার প্রশাসনের বিভিন্ন পদে আরো কিছু রদবদল করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

কর্নেল জাহাঙ্গীর হোসেন মল্লিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরকে ওই হাসপাতালের পরিচালক পদ থেকে সিএমএসডি’র পরিচালক পদে বদলি করা হয়েছে। অন্যদিকে সিএমএসডি’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস শহীদ খানকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নূরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব রোখসানা কাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব আবু তোরাবকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব এবং ওএসডি উপ-সচিব শুভেন্দু শেখর ভট্টাচার্যকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

সাভার বিপিএটিসি (৩য় পর্যায়) প্রকল্পের পরিচালক ফায়জুর রহমানকে সাভার বিপিএটিসি’র পরিচালক করা হয়েছে এবং বিপিএটিসি’র পরিচালক সিরাজুল হক খানকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আতাহার হোসেনকে সরকারি যানবাহন অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

যশোরের এডিসি (উপ-সচিব) ফজলুল করিমকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। যশোরের এডিসি পদে কুষ্টিয়ার কুমারখালীর ইউএনও মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। নীলফামারীর ডোমারের ইউএনও মনিরুজ্জামানকে বাগেরহাটের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলামকে বগুড়া সেনানিবাসের সামরিক ভূ-সম্পত্তি প্রশাসক, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইউএনও আলী হোসেনকে সিলেট ক্যান্টনমেন্ট বোর্ডে এবং সুনামগঞ্জের ধর্মপাশার ইউএনও ফারুকুজ্জামানকে সাভার ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয় রোববার পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করে।