বন্ধ ১৩ বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু করতে জ্বালানি উপদেষ্টার তাগিদ
বিদ্যুৎ সঙ্কট নিরসনে বন্ধ থাকা ১৩টি বিদ্যুৎ কেন্দ্রের মেরামত ও সংস্কারের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী।
রোববার সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে কেন্দ্রগুলোর সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সংশি¬ষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন তিনি।
সভায় কর্মকর্তারা বন্ধ থাকা ১৩টি ছোট-বড় বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অবস্থা সম্পর্কে উপদেষ্টাকে জানান।
বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো হচ্ছে- ৩২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হরিপুর এসবিইউ ১, ২ ও ৩ নম্বর ইউনিট; ৭১ মেগাওয়াটের বাঘাবাড়ি কেন্দ্র; ৫০ মেগাওয়াটের কাপ্তাই ৫ নম্বর ইউনিট; ৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন শাহজীবাজার কেন্দ্রের ৮ ও ৯ নম্বর জিটি ইউনিট; ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জের ৫ নম্বর ইউনিট; খুলনার ৬০ ও ১১০ মেগাওয়াটের দুটি কেন্দ্র; ৬০ মেগাওয়াটের শিকলবাহা স্টিম ইউনিট; ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল ১ নম্বর ইউনিট এবং বরিশালের ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি ২ নম্বর ইউনিট।
এসব কেন্দ্রের মেরামত ও সংস্কারের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সবগুলো কেন্দ্রের সংস্কারের কাজ শেষ হওয়ার কথা। কেন্দ্রগুলো আবার চালু হলে জাতীয় গ্রিডে আরো ৭৪২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে সভায় জানানো হয়।
সভায় আরও জানানো হয়, বিভিন্ন কারণে বন্ধ থাকা কাঁঠালিয়া-বরগুনা, রংপুর-বড়পুকুরিয়া এবং চাঁপাই নবাবগঞ্জ-শিবগঞ্জের ৩৩ কেভি সরবরাহ লাইনের মেরামত কাজ ১২ মে শেষ হয়েছে। বর্তমানে এসব লাইনে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ চলছে।
সভায় উপদেষ্টা তপন চৌধুরী সংশ্লি¬ষ্টদের দায়িত্ব নিয়ে কাজ করার তাগিদ দিয়ে বলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির জন্য বন্ধ কেন্দ্রগুলো যত দ্রুত সম্ভব চালু করতে হবে। সম্ভব হলে নির্ধারিত সময়ের আগেই মেরামত ও সংস্কারের কাজ শেষ করতে হবে।
বিদ্যুৎ বিভাগের সচিব একে জাফর উল্লাহ খান, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী ও প্রকল্প পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন।
