২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া যাবে না: জি এম কাদের

রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করাটা দেশের জন্য মঙ্গলজনক হবে না বলে মনে করছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মোহাম্মদ কাদের। তার আশঙ্কা, সংস্কারের নামে কমিশনকে রাজনৈতিক দল নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হলে দলগুলোকে কারও স্বার্থে ব্যবহারের সুযোগ তৈরি হবে। একারণে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণমুক্ত করার বিরোধী তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামরান রেজা চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 05:19 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

কোনও কোনও দলীয় প্রধান নিজের ইচ্ছা মতো দলকে ব্যবহার করছে- স্বীকার করে এ ধারার পরিবর্তনে জনসচেতনতা সৃষ্টির ওপরই জোর দিয়েছেন জাতীয় পার্টির এই নেতা। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জি এম কাদের বলেন, “রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দেশের জন্য মঙ্গলজনক হবে না। কালোটাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত করার নামে দলগুলোকে নিয়ন্ত্রণের যে প্রস্তাব কমিশন করেছে, তা গ্রহণযোগ্য নয়।”

তার মতে, নির্বাচন কমিশনের ক্ষমতা দেওয়া দরকার। তবে রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে নয়। এ ধরনের নিয়ন্ত্রণ দলগুলো দুর্বল করে ফেলবে। আর দুর্বল রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য কখনোই সহায়ক হবে না। এর ফলে জনগণের স্বার্থ রক্ষার আশ্রয়টিও শেষ হয়ে যাবে।

একই সঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন করতে গিয়ে তাদের এমন ক্ষমতা দেওয়া ঠিক হবে না, যাতে তারা জনগণের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন যদি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডও চালায়, তখন তো এ প্রক্রিয়ায় আন্দোলন ছাড়া জনগণের উপায় থাকবে না। তাই রাজনৈতিক দলগুলোর বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব ছাড়া অন্যান্য কর্মকাণ্ডে হস্তক্ষেপ কোনভাবেই কাম্য নয়।”

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও পদচ্যুত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের অনুজ জাতীয় পার্টির এই নেতা বলেন, “নির্বাচন কমিশনকে অবশ্যই প্রধানমন্ত্রীর অফিসের আওতায় থাকতে হবে। কারণ, কমিশন নির্বাচন পরিচালনা করে প্রশাসনের মাধ্যমে, আর প্রশাসন থাকে সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে। শুধু পাঁচ বছর পর পর নির্বাচন করার জন্য আরেকটি পৃথক প্রশাসন সৃষ্টি করা অসম্ভব।”

তবে নির্বাচন কমিশনকে যেন প্রভাবিত না করতে পারে সে জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতার পাশাপাশি ক্ষমতার মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ এর ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন জি এম কাদের।

এক্ষেত্রে তার বক্তব্য, “কমিশনার নিয়োগ ও আর্থিক বরাদ্দ- এ দুই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপর প্রধানমন্ত্রীর কার্যালয় হস্তক্ষেপ করতে পারে। যদি সংবিধানের নির্দেশনা অনুসারে কমিশনার নিয়োগের জন্য একটি আইন তৈরি এবং অর্থ বরাদ্দ সংসদ সচিবালয়ের আদলে করা যায়, তাহলে কমিশনকে প্রভাবিত করার সুযোগ প্রধানমন্ত্রীর আর থাকবে না।”

জি এম কাদের স্বীকার করেন, কোনও কোনও দলীয় প্রধান নিজ দলকে ইচ্ছামতো ব্যবহার করছেন। তবে এ প্রবণতা রোধে জনসচেতনতার ওপরই জোর দেন তিনি।

রংপুর থেকে নির্বাচিত সাবেক এ সাংসদ বলেন, “নিজের স্বার্থেই দলের অন্যান্য নেতারা দলীয় প্রধানদের সিদ্ধান্তের বিরোধিতা করছেন না। কারণ তারা জানেন, আমাদের দেশে মানুষ দলীয় প্রধানদের দেখেই ভোট দেয়। ফলে বিরোধিতা করে দল ছাড়লে নিজেদেরই ক্ষতি হবে, দলের কিছু হবে না।”

তবে তার আশাবাদী উচ্চারণ, “দেখুন, সাম্প্রতিক সময়ে কিন্তু জনগণ বিভিন্ন দলীয় প্রধানের কর্মকাণ্ডের সমালোচনা করছেন। সুতরাং আইন করে কিছু হবে না। অবস্থার পরিবর্তন ধীরে ধীরে হবে। এর জন্য সময় দরকার।”